আরজিকরের ছাদ থেকে পড়ে রহস‍্যমৃত‍্যু তরুণী চিকিৎসকের, অনুমান আত্মহত্যা!

আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রহস্যমৃত্যু হলো এক পোস্টগ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকের। পুলিশ সূত্রে খবর, হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের টপ ফ্লোর থেকে নীচে পড়ে মারা গেছেন তরুণী চিকিৎসক। আত্মহত্যা না দুর্ঘটনা সেই নিয়ে এখন‌ রহস্য তৈরী হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারী অফিসাররা। ওপর থেকে পড়ার পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রাথমিক সন্দেহে অনুমান, আত্মহত্যা করে থাকতে পারেন পৌলমী।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর, “বিকট আওয়াজে আমরা চমকে উঠি! দেখি এমার্জেন্সি ওয়ার্ডের ক্যান্টিনের সামনে কার্নিশ থেকে কিছু একটা আছড়ে পড়ল রেলিংয়ের ওপর। আমরা ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তরুণী।”

হাসপাতাল সূত্রে খবর, পেডিয়াট্রিক বিভাগের পিজিটি ওই চিকিৎসকের নাম পৌলমী সাহা। বয়স মাত্র ২৫ বছর। তাঁর এদিন ডিউটি ছিল ফিভার ক্লিনিকে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সন্দেহে বা উপসর্গ নিয়ে যে রোগীরা আসবেন তাঁদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়ার কথা ওই ফিভার ক্লিনিকেই। সেই দায়িত্বেই ছিলেন তরুণী। এই বিষয়টিই কি কোনও ভাবে মানসিক চাপ তৈরি করেছিল তাঁর উপর? নাকি অন্য কোনও কারণে তাঁর এই মৃত্যু। এখনও কেউই নিশ্চিত নন এ ব্যাপারে।

তবে হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন পৌলমী। শিশু বিভাগের সিক নিওনেটাল কেয়ার ইউনিটে তিনি ডিউটি করতেন। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও অন্যান্য খবর