করোনার প্রাদুর্ভাবের জেরে আগামী সপ্তাহে চারদিন বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্হিতি মোকাবিলায় এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ।
করোনা প্রকোপ হু হু করে বেড়েই চলেছে রাজ্যে। এই সময় সংক্রমন রুখতে মানুষকে একজায়গায় একত্রিত হতে দেওয়া যাবে না। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর মধ্যে করোনা সংক্রমনের নিরীখে কলকাতার স্থান শীর্ষে রয়েছে। এমতাবস্থায় যাতে সংক্রমন আরও না ছড়ায় তাই এবার হাইকোর্ট বন্ধের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ। আগামী সপ্তাহে সোম, মঙ্গল, বুধ এবং শুক্রবার বন্ধ থাকবে হাইকোর্ট চত্বর।
প্রসঙ্গত, এর আগে করোনা সংক্রমনের জেরে দু’বার কলকাতা হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একবার ১০ই জুলাই থেকে ১৩ই জুলাই অবধি হাইকোর্ট বন্ধ রাখার কথা হয়। এরপর সেই সময়সীমা বাড়িয়ে ১৯শে জুলাই অবধি করা হয়েছিল। এবার নয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী সপ্তাহে ২০,২১,২২ এবং ২৪ শে জুলাই কলকাতা হাইকোর্ট বন্ধ থাকবে।






