কলকাতা মেডিক্যাল কলেজে আজ দেখা দিল বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎহীন রইল কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিং সহ একাধিক বিল্ডিং৷ চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের৷ জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কী কারণে এই বিদ্যুৎ বিভ্রাট খতিয়ে দেখছে পিডব্লুডি। জানা গিয়েছে, সোমবার বিকেল ৩.৩৫ নাগাদ আচমকাই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে কলকাতা মেডিক্যালের একাধিক বিল্ডিং। এর মধ্যে রয়েছে গ্রীন বিল্ডিংও৷ যেখানে বর্তমানে করোনা সন্দেহে ২০০জন রোগী ভর্তি রয়েছেন।
গ্রীন বিল্ডিং ছাড়াও অন্ধকার নেমে আসে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) , ব্লাড ব্যাংক , ইডেন বিল্ডিং , নার্সিং কোয়ার্টার-সহ বেশ কয়েকটি ভবন।
আপৎকালীন ব্যবস্থার জন্য হাসপাতালের ইডেন বিল্ডিং-এর পিছনে সবচেয়ে বড় জেনারেটর রাখা রয়েছে৷ কিন্তু আপৎকালীন সময় সেটি চালু করা যায়নি বলেও অভিযোগ৷
তবে শেষ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়৷ গতকাল রবিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে আরেক কান্ড৷ করোনা আক্রান্ত এক রোগী হঠাৎ লেপ-কম্বল নিয়ে ওয়ার্ডের সর্বত্র ঘুরে বেড়াতে শুরু করেন৷ এক সময় হাসপাতালের ৯ তলার ছাদের কার্নিশে বসে পা দোলাতে থাকেন৷ অবশেষে অনেক চেষ্টা করে তাঁকে তাঁর ঘরে ফিরিয়ে আনা হয়।





