হাওড়ায় করোনা সংক্রামিত লিলুয়া রেল হাসপাতালের কর্মী

রাজ্যে করোনার নতুন চারণক্ষেত্র হয়ে উঠেছে হাওড়া জেলা। একেতেই ঘিঞ্জি এই শহরে করোনা সংক্রমণ নিয়ে ভয় ছিলই। এবার সংক্রমণ ধরা পড়ল লিলুয়া রেল হাসপাতালের এক কর্মীর। পরিবারের সাতজন কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

একসময়ে বিএসএফ জওয়ান ছিলেন আক্রান্ত ব্যক্তি। বাবার মৃত্যুর পর রেলের চাকরি যোগ দেন ওই ব্যক্তি। কর্মস্থল লিলুয়ার রেলওয়ে হাসপাতাল। হাসপাতালে জরুরি বিভাগের অ্যাটেন্ড্যান্ট পদে কর্মরত তিনি। জানা গিয়েছে, দিন কয়েক আগে আচমকাই জ্বর আসে তাঁর। ছিলেন হোম কোয়ারেন্টাইনে। সন্দেহজনক উপসর্গ দেখা দেওয়ায় শেষপর্যন্ত ওই ব্যক্তিকে ভর্তি করা হয় লিলুয়া হাসপাতালে। রোগীর লালারস বা সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠান চিকিৎসকরা। বুধবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্তকে লিলুয়া হাসপাতালে রেখেই চিকিৎসা করা হবে বলে জানা  গিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের ১৭০টি জেলাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে হাওড়া। জেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দিন কয়েক আগে বালি ও জগাছা এলাকাকে সরকারিভাবে সংক্রমিত বলে ঘোষণা করা হয়েছে। সেখানে জারি করা হয়েছে সম্পূর্ণ লকডাউন। খুলছে না দোকানপাট, বসছে না বাজারও। এরইমধ্যেই ফের করোনা আক্রান্তের হদিশ মিলল হাওড়ায়। ফলে হাওড়াবাসীদের মনে জাঁকিয়ে বসেছে আতঙ্ক।

RELATED Articles

Leave a Comment