দেশে প্রতিদিন ই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই করোনা রুখতে কেন্দ্রের নির্দেশিকা মেনে বৃহস্পতিবারই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) তরফে জানিয়ে দেওয়া হয় ১৮ মার্চ ইডেনে দর্শক ছাড়াই ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ খেলতে হবে। শুক্রবার, নবান্নে রাজ্যের সব ক্রীড়া সংগঠনগুলির সঙ্গে বৈঠকে এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দর্শক শূন্য ইডেনে ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উচিত ছিল রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলা।
তার খানিক পরেই কিন্তু শুক্রবার বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল, দুটো ম্যাচই বাতিল করে দেওয়া হয়েছে। ১৮ মার্চের ইডেন গার্ডেন্সের ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু করা হয়েছিল। ক্লাবগুলোকেও টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টিকিট বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের জেরে এই পরিস্থিতিতে কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। ফাঁকা মাঠে খেলা হলেও সেটা ভারত ও দক্ষিণ আফ্রিকা দু’দলের খেলোয়াড়দের জন্যই ঝুঁকির হয়ে যেতে পারে। আর প্রথম ম্যাচও যেহেতু হয়নি, তাই বাকি দুই ম্যাচও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





