সিনেমার গল্প যেন বাস্তবে উঠে এল কলকাতায়! অক্ষয় কুমারের জনপ্রিয় সিনেমা ‘স্পেশ্যাল ২৬’-এ দেখা গিয়েছিল কীভাবে একদল প্রতারক আয়কর দফতরের আধিকারিক সেজে হানা দিয়ে লাখ লাখ টাকা লুঠ করে। সেই একই ধাঁচে এবার চিনার পার্কে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দিনের আলোয় একদল লোক আয়কর অফিসার পরিচয়ে ঢুকে পড়ল একটি বাড়িতে। শুরুতে বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই ‘তল্লাশি’-র নামে তারা বাড়ির টাকা-গয়না হাতিয়ে নেয়। এরপর মুহূর্তের মধ্যে তারা ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়।
শহরবাসীর আতঙ্ক বাড়ছে
এই ঘটনা শহরের মানুষকে চমকে দিয়েছে। সাধারণত আয়কর দফতরের আধিকারিকরা যখন কোনো জায়গায় অভিযান চালান, তখন সেটি বৈধ কাগজপত্র দেখিয়ে করা হয়। কিন্তু চিনার পার্কের এই ঘটনায় কোনো রকম নোটিস ছাড়াই ‘অফিসার’-রা সরাসরি বাড়িতে ঢুকে পড়ে, যা সন্দেহজনক লাগলেও বাড়ির লোকজন প্রথমে কিছু বুঝতে পারেননি। একেবারে কায়দা করে তারা নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলেছিল। তবে টাকা ও সোনা হাতিয়ে নেওয়ার পর বিষয়টি বাড়ির সদস্যদের সন্দেহ হয়। তখনই পুলিশে অভিযোগ দায়ের করা হয়, আর তদন্ত শুরু হতেই সামনে আসে অবাক করা তথ্য।
ভুয়ো আধিকারিকরা কে?
পুলিশি তদন্তে জানা যায়, ধৃতদের মধ্যে কয়েকজন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য! কলকাতা পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেন। প্রথমেই ধরা পড়ে দুই অভিযুক্ত, এরপর ফরাক্কা থেকে গ্রেপ্তার করা হয় এক সিআইএসএফ অফিসারকে। পরে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছেন সিআইএসএফের এক সিনিয়র ইনস্পেক্টর, একাধিক কনস্টেবল ও হেড কনস্টেবল।
পরিকল্পনা করা হয়েছিল আগেই
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এই ডাকাতির পরিকল্পনা করছিল। তারা ঠিক করেছিল, আয়কর দফতরের আধিকারিক সেজেই টাকা হাতানো হবে। যেহেতু সাধারণ মানুষ সরকারি সংস্থার নাম শুনলেই ভয় পান, তাই সহজেই প্রতারণা করা যাবে। সেই মতোই ১৭ মার্চ চিনার পার্কের ওই বাড়িতে তারা হানা দেয়।
আরও পড়ুনঃ Child Abuse Case : নাবালিকার উপর যৌন নির্যাতন, কিন্তু ধর্ষণের চেষ্টা নয়? আদালতের বিতর্কিত রায়ে ক্ষোভ, শেষমেশ হস্তক্ষেপ শীর্ষ আদালতের!
কেউ কি ভিতর থেকে সাহায্য করেছে?
তদন্তে পুলিশের সন্দেহ, পরিবারের কেউ হয়তো এই দুষ্কৃতীদের সাহায্য করেছে। নাহলে তারা এত নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারত না। এছাড়া, এই ঘটনায় কোনো বড় অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে আরও তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ। চিনার পার্কের ঘটনায় প্রতিদিন নতুন নতুন চমক সামনে আসছে, যা রহস্য আরও গভীর করছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার