সামনেই রয়েছে করোনা ওয়ার্ড, ভর্তিও রয়েছেন একাধিক রোগী। কিন্তু সবকিছুকে উপেক্ষা করেই হাসপাতাল চত্বরে রাতভোর মাইক বাজিয়ে তারস্বরে চলল গান। এমনকি যে শব্দবাজি নিষিদ্ধ, তাও ফাটানো হল হাসপাতাল চত্বরেই। খোদ কলকাতার এনআরএসে এমন ঘটনার জেরে প্রশ্ন উঠেছে অনেক।
একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা জাচ্চজে নীল-সাদা-সবুজ আলোয় সেজে উঠেছে এনআরএস চত্বর। মাইক বাজিয়ে চলছে চটুল হিন্দি গান, ফাটছে বাজি। এদিকে পাশেই কোভিড ওয়ার্ড। সেখানে রোগীরা কার্যত মৃত্যুর সঙ্গে লড়ছেন। কিন্তু নীরব হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরের পাশের মাঠেই চলছে এমন হুল্লোড়।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল, বুধবার এনআরএস হাসপাতালে একটি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এই প্রতিযোগিতায় জয়লাভের কারণেই এই উদযাপন। জানা গিয়েছে এই উদযাপনের নেপথ্যে চিকিত্সক-পড়ুয়ারা, যাঁরা এখন মেডিক্যাল পড়ছেন। খোদ সরকারি হাসপাতালে। এমন বিজয়োল্লাসে পুলিশ কেন কোনও পদক্ষেপ করল না?
জানা গিয়েছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কিন্তু অভিযোগ এরপরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। মেডিক্যাল পড়ুয়া বলে কী তারা সমস্ত নিয়মে ঊর্ধ্বে? এই নিয়ে উঠছে প্রশ্ন। শব্দবাজি যেখানে নিষিদ্ধ, সেখানে খোদ হাসপাতাল চত্বরেই কীভাবে তা ফাটানো হল? আর হাসপাতাল কর্তৃপক্ষই বা নীরব থাকলেন কেন? এমন নানান প্রশ্ন উঠেছে।
এই ঘটনায় বিজেপি নেত্রী চিকিত্সক অর্চনা মজুমদার বলেন, “আমি এনআরএস-এর প্রাক্তনী। আমার কোনও প্রতিক্রিয়া দিতেও খারাপ লাগছে। যাঁরা ডাক্তারি পড়তে আসছেন তাঁরা যথেষ্ট মেধাবী। হাসপাতাল যাঁরা পরিচালনা করছেন তাঁরা অর্থাত্ প্রিন্সিপাল, এমএসভিপি বা অন্যান্য় আধিকারিকরা, তাঁরা কেমন পরিচালক তা খতিয়ে দেখার দরকার রয়েছে। কোনও হাসপাতাল চত্বরে বিশেষ করে সরকারি হাসপাতালে এমন ঘটনা নিন্দনীয়”।
বলে রাখি, কিছুদিন আগেই চিকিত্সক-পড়ুয়াদের আন্দোলনের জেরে হাসপাতাল চত্বর উত্তাল হয়ে উঠেছিল। তাঁদের আন্দোলনের পন্থা নিয়ে প্রশ্নও উঠেছিল। আর গতকালের এই ঘটনার পর আরও প্রশ্ন উঠছে। পুলিশ কেন নীরব থাকল? আইন যখন সকলের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য় তখন কী করে পুলিশ কেবল নীরব দর্শক হয়ে থাকল? কেন কর্তৃপক্ষ গোটা ঘটনা খতিয়ে দেখলেন না? কেনই বা অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হল না? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার