কলকাতার বুকে নারীদের নিরাপত্তা নিয়ে উঠলো বড় প্রশ্ন। মমতা সরকারের অধীনে খোদ রাজ্যের রাজধানী যে কত অসুরক্ষিত মহিলাদের জন্য তা ফের আরেকবার প্রমাণ হয়ে গেল এই ঘটনায়। এক তরুণীর সঙ্গে শ্রীলতাহানি করেছে এক অ্যাপ বাইক চালক। তরুণীর অভিযোগের ভিত্তিতে সেই বাইক চালককে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ এবং আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ধীরজ কুমার রাম(২২), সে তিলজলা রোডের বাসিন্দা। শনিবার রাতে তাকে তার বাড়ির সামনে কড়েয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে ওই বাইক চালকের বাইকে উঠেছিলেন বছর পঁচিশের এক তরুণী। তিনি বেলেঘাটা রোড থেকে লেক থানা এলাকায় নিজের বাড়ি ফেরার জন্য ওই বাইক ক্যাব বুক করেছিলেন। বাইকে ওঠার পর থেকেই তার সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করছিল ধীরজ, জানিয়েছেন ওই তরুণী। রাস্তাতেই ওই তরুণীর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটুক্তি শুরু করে দেয় ধীরজ। এছাড়াও বাইকের ভাড়া দেওয়া নিয়েও ধীরজের সঙ্গে ঝামেলা বেঁধে যায় ওই তরুণীর।ওই তরুণী অভিযোগ করেছেন যে তাকে তার গন্তব্যস্থলে না পৌঁছে বিভিন্ন রাস্তায় ঘুরতে শুরু করেন ধীরজ। তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ জানালে তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেন ওই বাইক চালক। এরপর ভাড়া দেওয়ার সময় ঝামেলা শুরু হয় এবং তখনই ওই তরুণীর শ্লীলতাহানি করে এই যুবক।
শুক্রবার গড়ফা থানাতে অভিযোগ দায়ের করেন ওই মহিলা এবং অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। কেন এই অভব্য আচরণ করলেন ধীরজ তার কোনো কারণ ওই তরুণীর জানা নেই। পুলিশ ধীরজকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।স্বাভাবিকভাবেই ভরদুপুরে প্রকাশ্য রাজপথে এই ঘটনা ঘটায় মমতা সরকারের অধীনে এই রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত সেই নিয়ে উঠছে প্রশ্ন।





