Gariahat ITI : গড়িয়াহাট আইটিআই-তে ‘দাদারাজ’! রাতভর কলেজ চত্বরে ভোজপুরি গান, মদের পার্টি- তীব্র ক্ষোভ স্থানীয়দের!

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে অনেকটাই বেশি। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ঠিকানা যেখানে, সেখানে শৃঙ্খলা আর নিরাপত্তা যে অতি আবশ্যিক—তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যখন সেই প্রতিষ্ঠানই একাধিক বিতর্কে জড়িয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে: শিক্ষা না কি স্বেচ্ছাচারিতা? দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের সরকারি আইটিআই কলেজ (Gariahat ITI) বর্তমানে এমনই এক বিতর্কে জড়িয়ে পড়েছে, যার কেন্দ্রে রয়েছেন কলেজেরই এক প্রাক্তনী।

প্রায় ১৩ বছর আগে এই কলেজ থেকেই পড়াশোনা শেষ করেছেন সঞ্জয় চৌধুরী নামে এক প্রাক্তনী। তবে কলেজের সঙ্গে তাঁর যোগাযোগ কিন্তু তাতেই থেমে থাকেনি। বরং অভিযোগ, এখনও তিনি কলেজ চত্বরে রীতিমতো ‘দাদাগিরি’ চালাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই কলেজের গেট খোলা থাকে, জ্বলে থাকে আলো। আর সেই আলোর নীচেই জমে ওঠে আড্ডা, চলে জন্মদিনের পার্টি, মদের আসর এবং উচ্চস্বরে ভোজপুরি গান।

শুধু গানের শব্দ বা মদের গন্ধেই শেষ নয় ঘটনা। প্রতিবেশীরা আরও জানিয়েছেন, মাঝেমধ্যেই রাতের বেলা অচেনা যুবতীদের কলেজ চত্বরে আনতে দেখা যায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, কলেজ তো পড়াশোনার জায়গা, কিন্তু এখানে যা হচ্ছে তা রীতিমতো ‘অরাজকতা’। প্রশ্ন উঠছে, প্রশাসনের চোখ এড়িয়ে দিনের পর দিন কীভাবে এই অবস্থা চালিয়ে যেতে পারছেন ‘সঞ্জয়দা’?

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, কলেজের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। একাংশের মতে, ভয়ের বাতাবরণই হয়তো তাঁদের চুপ করিয়ে দিয়েছে। আর সেই নীরবতার সুযোগেই বেপরোয়া হয়ে উঠেছে ‘প্রাক্তন’-এর আধিপত্য। সম্প্রতি কসবার একটি আইন কলেজে এক বিতর্কিত ঘটনার পর থেকেই শহরের একাধিক কলেজে নজরদারি শুরু করেছে কর্তৃপক্ষ। আর তাতেই উঠে এসেছে গড়িয়াহাট আইটিআইয়ের এই অস্বাভাবিক চিত্র। বহুদিন ধরে চলতে থাকা এই পরিস্থিতি নিয়ে এবার সরব হচ্ছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ TMCP : ৪৪ বছরের ছাত্রনেতার দাদাগিরি! সোনারপুর কলেজে মাথা টিপিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রথম বর্ষের ছাত্রীর থেকে!

স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে শিক্ষা দফতর এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। না হলে কলেজ প্রাঙ্গণ পরিণত হবে অবৈধ কর্মকাণ্ডের আখড়ায়। তাঁদের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা কতদিন চলতে দেওয়া হবে? সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার জায়গায় ফিরিয়ে আনার ডাক এবার জোরাল হচ্ছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles