রবিবার বিকেলে শিলিগুড়ির সেবক রোডের ব্যস্ত মোড় হঠাৎ করেই পরিণত হয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। হর্ন, গাড়ির ভিড় আর মানুষের কোলাহলের মধ্যে শুরু হয় উত্তপ্ত বিতর্ক, যা মুহূর্তের মধ্যেই রাস্তায় জমায়েত বাড়িয়ে তোলে। পথচারীরা হতবাক— কী এমন ঘটল যে বিকেলের শান্ত পরিবেশ বদলে গেল চাঞ্চল্যে?
স্থানীয় সূত্রে জানা যায়, সেবক রোডের একটি মোড়ে গিয়ে দাঁড়ান কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। ঠিক সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা লাগে অপর একটি গাড়ির। প্রথমে বিষয়টি তুচ্ছ দুর্ঘটনা হিসেবেই ধরা হলেও, কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি বদলে যায়। গাড়ি থেকে নামেন আইনজীবী, এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ঘটনার কথা জানাতে এগিয়ে যান।
অভিযোগ, ট্রাফিক পুলিশকে কথা বলার সময়ই এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে আইনজীবীর বাগবিতণ্ডা শুরু হয়। আইনজীবীর অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার তাঁকে অপমানজনক ভাষায় হেনস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে দাঁড়িয়েই এই বাকবিতণ্ডা তীব্র আকার নেয়, যা চারপাশে থাকা মানুষদের মধ্যে কৌতূহল ও ক্ষোভ উসকে দেয়।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে শহরের আইনজীবীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে জড়ো হন একাধিক আইনজীবী, যারা বিক্ষোভে সামিল হয়ে সেবক রোড অবরোধ করেন। ব্যস্ত রাস্তায় হঠাৎ অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়, দীর্ঘ যানজটের সৃষ্টি হয় চারপাশে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ “শাড়ি ধরে টেনেছে” ব্যারিকেড পেরোতেই দিল্লি পুলিশি টানাহেঁচড়া, সংজ্ঞাহীন মহুয়া মৈত্র! সাগরিকার বিস্ফোরক অভিযোগ
অবরোধের জেরে প্রায় কিছু সময় এলাকা থমথমে থাকলেও, পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে, আইনজীবী মহলে ক্ষোভ এখনও তীব্র, তাদের দাবি, কর্তব্যরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রবিবার বিকেলের এই ঘটনা শিলিগুড়ি শহরে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।





