সরস্বতী পুজো মানেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আলাদা এক আবহ। পড়ুয়াদের উৎসাহ, ভক্তি আর ক্যাম্পাসজুড়ে সাজসজ্জা—সব মিলিয়ে এই সময়টা বরাবরই বিশেষ। তবে আনন্দের সেই পরিবেশ ঘিরেই প্রতি বছর প্রশাসনের চিন্তাও বাড়ে। অতীত অভিজ্ঞতা মনে রেখে এ বার পুজোর আগেই সতর্কতার বার্তা উঠে এল কলকাতা হাই কোর্টের তরফে। উদ্দেশ্য একটাই—পুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
এই প্রসঙ্গে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, সরস্বতী পুজোর সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বজায় রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। পুজো উপলক্ষে ক্যাম্পাসের ভিতরে ও বাইরে বাড়তি নজরদারি রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় থানার সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, উৎসবের সময় নিরাপত্তা শিথিল হলে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে, তাই আগে থেকেই সতর্ক থাকা জরুরি।
এই মামলায় রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয়, অতীতে একাধিক বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এ বছর ঝুঁকি এড়াতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। রাজ্যের বক্তব্য ছিল, পুজোর সময় বহিরাগতদের আনাগোনা, ভিড় এবং নিরাপত্তার ঘাটতি মিলিয়ে পরিস্থিতি জটিল হতে পারে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, পুজোর সময় বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই প্রধান অগ্রাধিকার। তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। কারা ক্যাম্পাসে ঢুকছেন, কারা বেরোচ্ছেন—সেই বিষয়েও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশি সহায়তায় প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ Naushad Siddiqui : বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ? নৌশাদের জোট প্রস্তাবে সমর্থন সুজন-অধীরের, পাল্টা তৃণমূলের তোপ!
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ—একাধিক ঘটনায় শিরোনামে এসেছে এই ক্যাম্পাস। আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে এবং আগামী চার সপ্তাহের মধ্যে তা সম্পূর্ণ হবে। সব মিলিয়ে এ বছর সরস্বতী পুজোয় কোনও রকম অশান্তি এড়াতে প্রশাসনিক স্তরে যে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে, তা স্পষ্ট করে দিল হাই কোর্টের নির্দেশ।sa






