কলকাতার দক্ষিণ দমদম পুরসভার বহুতল নির্মাণ নিয়ে অভিযোগ কিন্তু নতুন নয়। আর সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা মোটেও চোখে পড়ে না বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের এবং বিরোধীদের। আর এবার সেই অভিযোগ অতীত করে কড়া হল প্রশাসন। শুরু হয়েছে, প্রশাসনিক তৎপরতা। উত্তর ২৪ পরগনার জেলার প্রশাসন থেকে ইতিমধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে পুর কর্তৃপক্ষের কাছে।
সম্প্রতি যা জানা যাচ্ছে, বাগুইআটি থানা এলাকাতে বসবাসকারী এক বাসিন্দা দক্ষিণ দমদম পুর এলাকায় ক্রমাগত নির্মাণ হতে চলা একাধিক বহুতল নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ যে, দক্ষিণ দমদম পুরসভার কাছে তথ্য জানার আইনে কয়েকটি বহুতল নিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু উত্তর মেলেনি। আর এরপর পুরসভায় অভিযোগ করা হয়। কিন্তু অভিযোগ যে, তাতেও সাড়া মেলেনি। ঠিকএকই ভাবে রাজ্য প্রশাসন থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছেও ঠিক একই অভিযোগ জানানো হয়।
উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসন সূত্রের খবর মিলছে, কোনও অভিযোগ এলে তার সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কিংবা কোনও পদক্ষেপ আদৌ গ্রহণ করা হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়। আর সেক্ষেত্রেও অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুরসভার পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বাসিন্দা কিংবা বিরোধীদের একাংশের তরফে অভিযোগ, বহু দিন থেকে এই সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এখনো পর্যন্ত কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি। এক্ষেত্রে কতটা পদক্ষেপ করা হবে, তা নিয়েও সংশয় আছে। ইতিমধ্যে সূত্রের খবর, দক্ষিণ দমদমের একাধিক বহুতলের উল্লেখ ওই অভিযোগে রয়েছে।
আরও পড়ুনঃ হাসিনার বিরুদ্ধে জারি রেড নোটিস! এবার কি দিল্লি ছাড়ার পালা মুজিবকন্যার?
যদিও এর আগেও বহুতল নিয়ে ওঠার অভিযোগ খারিজ করে দিয়ে পুর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পুরসভার কাছে অভিযোগ এলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে ও পদক্ষেপ করা হবে। পুরসভা কে বদনাম করতে এমন অভিযোগ তোলা হয় বলে দাবি তোলেন তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। আর এবার জেলা প্রশাসনের রিপোর্ট চাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ।






