‘মর্দ কো দর্দ নেহি হোতা’, এই কথাই আমরা চিরাচরিত ভাবে শুনে আসছি। কিন্তু সত্যিই কী তাই? পুরুষ হলেও মানুষ তো! সব মানুষের মধ্যেই নানান আবেগ, অনুভূতি থাকে। তাহলে পুরুষদের মনে কোনও কষ্ট থাকবেনা কেন? এই সমাজে নারী নির্যাতন যেমন একটা বড় ফ্যাক্টর, তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ পুরুষ নির্যাতনও। হ্যাঁ, অনেক সময় নির্যাতিত, নিপীড়িত হয় পুরুষ। তবে সেই নিয়ে সচেতনতা অনেকটাই কম, আর এই দাবী খোদ নারীদের একাংশেরই।
এই কারণে এবার সেই ‘অত্যাচারিত পুরুষ’ বা বলা ভালো ‘নির্যাতিত স্বামী’দের জন্য এক উদ্যোগ নিল HRIDAYA – Nest of Family Harmonoy নামের একটি ট্রাষ্ট। প্রত্যেক রবিবার মানসিকভাবে নিপীড়িত স্বামীদের বিনামূল্যে কাউন্সেলিং করানো হয় ওই সংস্থার তরফে। ঠিকানা? কলকাতা পুরসভার ৯৭ ওয়ার্ডের কিশোর কুমার উদ্যান।
এই উদ্যোগের সঙ্গে জড়িত পুরুষদের কথায়, সমাজের বাঁকা দৃষ্টি উপেক্ষা করে তারা এই কাউন্সেলিংগুলিতে মন খুলে কথা বলতে পারেন। নিজেদের উপর হওয়া অত্যাচার, ক্ষততে প্রলেপ লাগাতে এই কাউন্সেলিং পর্ব বেশ সাহায্য করে।
হৃদয়ার তরফে থেকে নিলয় ঘোষ বলেন, “সমাজে যে সমস্ত পুরুষ অত্যাচারের শিকার হচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানোই ট্রাস্টের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে মানসিকভাবে তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগের সঙ্গে যুক্ত দু’একজন মনোবিদও। রবিবার ছুটির দিন অত্যাচারিত পুরুষরা এই পার্কে জড়ো হন। এরপর প্রয়োজন মোতাবেক তাঁদের পাশে দাঁড়ানো হয়”।
তিনি এও জানান যে হৃদয়ার হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করেও অনেকে সাহায্য চাইতে পারেন। এই নম্বরগুলি হল- 9830072891, 9748677527, 9830709292, 8420000445।
পেশায় বিজ্ঞানী এক ব্যক্তি যিনি হৃদয়া থেকে কাউন্সেলিং করিয়েছেন, তিনি এক সংবাদমাধ্যমে বলেন, “একটা সময় মহিলাদের উপর অত্যাচার হত ব্যাপক হারে। কিন্তু তার জন্য পরের প্রজন্মকে কেন ভুগতে হবে? একটা প্রজন্মের ভুলের জন্য অপর প্রজন্মের পুরুষদের অত্যাচার করলে ইগো শান্ত হতে পারে। কিন্তু সমস্যার সমাধান সম্ভব নয়”।





