তখনও ঘুমিয়ে গোটা পাড়া। হঠাৎই এক গগনভেদী আওয়াজ! ঘড়ির কাঁটা বলছে তখন বাজে সকাল সাড়ে ৬টা। বেলেঘাটার গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল (Gandhi math friends Circle) নামে ওই ক্লাবের তিনতলার ঘর থেকে এক বিকট আওয়াজ শুনতে পান বাসিন্দারা। গিয়ে দেখা যায় ক্লাবের ১০ ইঞ্চি মোটা দেওয়াল ভেঙে পড়েছে। পাশাপাশি উড়ে গিয়েছে অ্যাসবেস্টসের ছাদও। কীভাবে ঘটল এই বিস্ফোরণ? এখন মেলেনি তথ্য!
ওই ক্লাব ঘরে ঘটা বিস্ফোরণের (Bomb blast) তীব্রতা দেখে পুলিশ অনুমান করছে, মারাত্মক বোমা বিস্ফোরণের জেরেই ঘটেছে এই ঘটনা। কারণ, ভেঙে পড়া দেওয়ালের টুকরোগুলিতে বারুদের স্পষ্ট দাগ দেখা গিয়েছে।
তবে আশ্চর্যজনক ভাবে এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, সকাল থেকে ক্লাবের কর্তাদেরও দেখা মেলেনি। গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে তাহলে কি ক্লাবের মধ্যে বোমা মজুত করে রাখা ছিল? নাকি সেখানে তৈরি হচ্ছিল বোমা? তদন্তে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য গান্ধী ভবন থেকে সামান্য দূরত্বে থাকা ওই ক্লাবে বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা বেরিয়ে দেখেন, ক্লাবের ছাদের ঘরের পাঁচিল ভেঙে গিয়েছে। তার মাথায় থাকা অ্যাসবেস্টস উড়ে গিয়েছে। রাস্তার চারিদিকে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে ভাঙা দেওয়ালের টুকরো আর সুতলি। এদিন বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ওই ক্লাবে। স্থানীয়দের চেষ্টায় তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ।






