কেন্দ্রীয় দল ভুল তথ্য দিচ্ছে, ক্ষোভ উগরে দিয়ে বললেন তৃনমূল সাংসদ শান্তনু সেন

এম আর বাঙুর হাসপাতাল থেকে ঘুরে গিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যে তথ্য দিয়েছে তা সম্পূর্ন ভুল। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে রাজনীতি করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্য সরকারকে কলুষিত করার চেষ্টা করছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেন। শুক্রবার তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের উদ্দেশ্য বলেন, ‘প্রথম থেকেই তাঁরা এমন পদ্ধতিতে কাজ করছেন যে বোঝাই যাচ্ছে উদ্দেশ্য প্রনোদিতভাবেই রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। চিঠিটার মধ্যে মিথ্যে তথ্য দিয়ে তাঁরা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল। অদ্ভুত ভাবে তাঁরা লিখেছেন কোনও একটা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে চার ঘণ্টা ধরে মৃতদেহ পড়ে আছে। আপনারা মেডিক্যালের বিষয় যখন দেখছেন, হাসপাতালে যখন যাচ্ছেন তখন আপনাদের এখানে আসার আগে মেডিক্যাল সংক্রান্ত কিছু বিষয় অন্তত জেনে আসা উচিত। মেডিক্যাল সায়েন্স বলছে একজন মানুষ মারা যাওয়ার পর তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। ওই সময়ের মধ্যে হঠাৎ করে রেয়ার কেসে মানুষ বেঁচে উঠতেও পারে। সেই কারণে চার ঘণ্টার আগে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় না। তার আগে কী করে মর্গে দেহ ঢোকানো সম্ভব। গোটা ঘটনায় আমি তীব্র বিরোধীতা করছি।’

শান্তনু আরও জানান, কেন্দ্রীয় দল বলছে এম আর বাঙুর-এ ৩৫৬ জন কোভিড রোগী আছেন তবে এই তথ্য ভুল। ২৩শে এপ্রিল পর্যন্ত এখানে ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে মাত্র তিন জনের ভেন্টিলেশন লেগেছে। কেন্দ্র বলেছে ভেন্টিলেটর কম। কিন্তু তাও নয় এম আর বাঙুরে ২৩ টি ভেন্টিলেটর আছে। তার মধ্যে ১২ টি হল শুধুমাত্র কোভিড পজিটিভ এবং ১১ টি হল সন্দেহজনক কোভিড রোগীর জন্য। কোভিড রোগী ভালো হয়ে উঠলে ওই রোগীকে বাড়িতে পাঠানো হলে বা রেফার করলে সরকার নিজেদের দায়িত্বে গাড়িতে পাঠায়। এখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানা হয়নি সেটাও ভুল তথ্য।

টেস্ট রিপোর্ট দেরি হয় সেই বিষয়েও শান্তনুর বক্তব্য, ভুল কিট পাঠানোর জন্য টেস্টই হচ্ছে না সেটা আগে কেন্দ্র দেখুক। র‌্যাপিড টেস্ট করতে আমাদের দেরি হচ্ছে। এক এক দিন দেরি হলে তার দায় কে নেবে? ভুল কিটে প্রথম দিন পরীক্ষা হওয়ায় যদি রিপোর্ট ভুল হয় তাহলে আগামী দিনে গোটা সমাজকে ভুগতে হবে। তার দায়িত্ব কী কেন্দ্রীয় সরকার নেবে তো? তোপ দেগেছেন শান্তনু।

RELATED Articles

Leave a Comment