ভারত–আমেরিকার(India-US) বাণিজ্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোনও বড় সিদ্ধান্ত আসবে কি না, তা নিয়ে কৌতূহল ছিল আন্তর্জাতিক মহলের। সেই আবহেই সাম্প্রতিক এক ঘোষণায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এল ভারত ও আমেরিকার বাণিজ্য সম্পর্ক। এই সিদ্ধান্ত শুধুমাত্র কূটনৈতিক নয়, সরাসরি প্রভাব ফেলতে চলেছে সাধারণ মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিতে।
ঘোষণার কয়েকদিন পরেই বড় পদক্ষেপ নিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্দেশনায় স্বাক্ষর করেন। এর ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর শুল্ক কমে দাঁড়াল ১৮ শতাংশে। পাশাপাশি, ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোও চূড়ান্ত হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।
এই অগ্রগতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারত ও আমেরিকার জন্য এটি একটি ইতিবাচক মুহূর্ত। দুই দেশ অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোতে সম্মত হওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী তিনি। প্রধানমন্ত্রী মনে করেন, এই চুক্তি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে নতুন গতি দেবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই চুক্তির ফলে ভারতের কৃষক, মৎস্যজীবী এবং এমএসএমই সেক্টরের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে গেল। রফতানি বাড়লে উৎপাদন বাড়বে, আর তার সঙ্গে সঙ্গে বাড়বে কাজের সুযোগও। বিশেষ করে মহিলা ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত হবে বলে তাঁর মত। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক প্রভাবও যে এই সিদ্ধান্তে জড়িত, তা স্পষ্ট করে দেন তিনি।
আরও পড়ুনঃ RG Kar : ভোটের আগে রাজ্যে নতুন মোড়! ইডি তদন্তে আঘাত, আরজি কর হাসপাতাল দুর্নীতির মূল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট!
একই সুরে কথা বলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য অনুযায়ী, এই অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোর ফলে আমেরিকার বিশাল বাজার ভারতের রফতানির জন্য আরও উন্মুক্ত হল। তিনি জানান, প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এছাড়াও চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করবে। ওয়াকিবহাল মহলের মতে, এই অন্তর্বর্তী কাঠামো ভবিষ্যতের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথ অনেকটাই মসৃণ করে দিল।





