বিগত বেশ কিছুদিন ধরেই বারবার খবরের শিরোনামে উঠে আসছে যোগেশ চন্দ্র ল’ কলেজের নাম। হাইকোর্ট পর্যন্ত গিয়েছে সেই ঘটনা। সেরকমই এক মামলায় এবার এজলাসে বসেই ওই কলেজের প্রাক্তন পড়ুয়াদের হুঁশিয়ারি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যোগেশ চন্দ্র ল’ কলেজে অধ্যাপক ও অধ্যক্ষ নিয়োগ নিয়ে বেশ বিতর্ক চলছে। এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এক পড়ুয়া। তাঁকে আবার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৫ প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
মামলাকারী পড়ুয়ার অভিযোগ ছিল, প্রাক্তন পড়ুয়ারা তাঁকে হুমকি দিচ্ছেন। এদিন এই মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনার ও চারু মার্কেট থানাকে নির্দেশ দেন যাতে ওই ৫ প্রাক্তন পড়ুয়াকে অবিলম্বে ধরে আনা হয়।
ওই ৫ পড়ুয়াকে এজলাসে আনা হলে তাদের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। আপনারা কী বাড়িতেই থাকতে চান না অন্য কোথাও পাঠাব? আগামী ৬ মাস যেন কলেজের ত্রিসীমানায় না দেখি”।
জানা গিয়েছে, শুধুমাত্র ওই অভিযুক্ত ৫ জন প্রাক্তন পড়ুয়াকেই নন, মামলাকারী পড়ুয়াকেও কলেজে ঢুকতে নিষেধ করেছেন এদিন বিচারপতি। এর পাশাপাশি কলেজের কাছের একটি খাবার দোকানের ওপর পুলিশকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ওই দোকানেই প্রাক্তন পড়ুয়ারা জমায়েত করেন বলে অভিযোগ রয়েছে।





