পুজোর মরশুম মানেই আনন্দ, আলো আর মেলবন্ধনের উৎসব। কিন্তু সেই উৎসবের আবহেই যদি হঠাৎ রক্ত ঝরে, তাহলে প্রশ্ন ওঠে—কালীপুজো কি তবে আতঙ্কের কারণ হতে চলেছে? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খাস কলকাতার মানিকতলায়। চাঁদা আদায়কে কেন্দ্র করে যা ঘটল, তা শিউরে ওঠার মতো। এলাকার এক প্রতিমাসজ্জা শিল্পীর মাথা ফেটে গিয়েছে, চোখে তীব্র চোট পেয়েছেন তিনি।
জানা গিয়েছে, মানিকতলার মুরারিপুকুর এলাকার বাসিন্দা পরিতোষ চক্রবর্তী দীর্ঘদিন ধরে প্রতিমার সাজগোজের সামগ্রী তৈরি ও সাজানোর কাজ করেন। পাশাপাশি তাঁর একটি সেলুন ছিল, যা গত দেড় বছর ধরে বন্ধ। তাঁরই দোকানের পাশেই প্রতিবছর এক ক্লাব কালীপুজোর আয়োজন করে। গতবছর ওই ক্লাব চাঁদা চেয়েছিল পরিতোষবাবুর কাছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে তিনি দিতে পারেননি। এবছর আবারও ক্লাবের তরফে চাঁদার দাবি আসে। পরিতোষবাবু জানিয়েছিলেন, সাধ্যমতো দেবেন।
কিন্তু সেখানেই শুরু গোলযোগ। অভিযোগ, ক্লাবের সদস্যরা এবছর দু’বছরের বকেয়া বাবদ ২০০১ টাকার চাঁদা দিতে বলেন পরিতোষবাবুকে। এমনকি তাঁর ছেলেকেও এ নিয়ে বারবার চাপ দেওয়া হয়। রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে ফের তাঁকে চাঁদা নিয়ে কথা বলতে থামায় ক্লাব সদস্যরা। পরিতোষবাবু জানান, তিনি দেবেন, কিন্তু এতটা একসঙ্গে পারছেন না। এই কথাতেই বচসা বাধে দুই পক্ষের মধ্যে।
অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি চরম আকার নেয়। কয়েকজন ক্লাব সদস্য পরিতোষবাবুকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে দাবি পরিবারের। তাতে তাঁর মাথা ফেটে যায়, চোখে আঘাত লাগে, শরীরেও একাধিক ক্ষত। মাথায় পাঁচটি সেলাই পড়েছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ Sui*cide : ২৮ পাতার সুইসাইড নোট লিখে আ*ত্মঘাতী ইঞ্জিনিয়ার!ওলা মালিক ভাবীশ আগরওয়ালের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার হেনস্তার অভিযোগ!
আক্রান্তের পরিবার ইতিমধ্যেই মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত ক্লাব কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন—যে উৎসব মিলনের বার্তা দেয়, সেই কালীপুজোই কি এখন ভয়ের প্রতীক হয়ে উঠছে? পরিতোষবাবু এখনও চিকিৎসাধীন। তাঁর পরিবারের এক সদস্যের কথায়, “কালীমায়ের পুজোর আগে এমন অন্যায় যেন কেউ না দেখে।”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার