বহুদিন ধরেই কিডনির বিকল দশা। এতদিন ধরে ডায়ালিসিস করেই চলছিল। কিন্তু শেষ পর্যন্ত কিডনি প্রতিস্থাপন করতেই হল কলকাতার এক বাসিন্দার। রোবটের সাহায্যে পূর্ব ভারতে প্রথম কিডনি প্রতিস্থাপন হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
এটিই কলকাতা তথা পূর্ব ভারতের প্রথম রোবটের সাহায্যে করা কিডনি প্রতিস্থাপন। হাসপাতাল সূত্রের খবর, এই বিরল অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের মতে, রোবটের মাধ্যমে কিডনির এই প্রতিস্থাপন হলে রোগী দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
এই বিষয়ে ওই বেসরকারি হাসপাতালের ল্যাপ্রোস্কপিক সার্জেন ডঃ বিনয় মাহীন্দ্রা জানান, “কিডনি যখন একশভাগ কাজের মধ্যে একভাগ সম্পন্ন করতে পারে, তখন সেটাকে বলা হয় শেষ পর্যায়ের কিডনি রোগ। কিডনি প্রথম পর্যায়ে বিকল হলে নিয়মিত ডায়ালিসিস করতে হয়। এদিন যার এই অস্ত্রোপচার হয়েছে, সেই ব্যক্তিরও সেটাই চিকিৎসাই হয়েছিল। কিন্তু তাঁর কিডনি প্রতিস্থাপনের খুব প্রয়োজন ছিল”।
আরও পড়ুন- সুস্থ মানুষ, অথচ অসুস্থ দেখিয়ে স্বাস্থ্যসাথীর প্রকল্প থেকে দেদার টাকা তুলছে বেসরকারি হাসপাতাল
জানা গিয়েছে, কিডনি প্রতিস্থাপন করতে গেলে তলপেটে বেশ বড়সড় একটা গর্ত করা প্রয়োজন। বেশ বড়সড় গর্ত না করলে পাঁচ ইঞ্চির কিডনিকে ঢোকানো সম্ভব হয় না। এই কারণে বেশ চিন্তায় ছিলেন চিকিৎসকরা।
এরপরই চিকিৎসকরা স্থির করেন যে রোবটের মাধ্যমে এই অস্ত্রোপচার করবেন। এই প্রক্রিয়ায় বড় গর্ত না করে আড়াই ইঞ্চির একটি ফুটো করা হয় নাভির চারাপাশে। আর তলপেটে ছোটো ছোটো পিঁপড়ের আকৃতির চারটে গর্ত করা হয়।
হাসপাতালে সূত্রের খবর, যান্ত্রিক হাতে শুরু হয় এই অস্ত্রোপচার। সাধারণ অস্ত্রোপচার থেকে রোবটের মাধ্যমে এই অস্ত্রোপচারে একটু বেশি সময় লাগে। তবে রোবটের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
চিকিৎসকদের মতে, আগামী ২০ থেকে ২৫ বছর সুস্থই থাকতে পারবেন তিনি। প্রথম তিন মাসে সপ্তাহে একবার তাঁকে চেকআপে আসতে হবে। পরের তিন মাস দু’সপ্তাহে একবার স্বাস্থ্য পরীক্ষা করলেই যথেষ্ট।





