কলকাতার দুর্গাপুজোর থিমে কেকে-কে শ্রদ্ধা, মণ্ডপ তৈরি হবে নজরুল মঞ্চের আদলে, ফুটে উঠবে গায়কের শেষ অনুষ্ঠানের দৃশ্য

এবছর কলকাতার দুর্গাপুজোর থিমে শ্রদ্ধা জানানো হবে বিখ্যাত প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে। মণ্ডপে তুলে ধরা হবে কেকে-র শেষ অনুষ্ঠানের নানাম দৃশ্য। উল্টোডাঙার কবিরাজ বাগানের দুর্গাপুজোর ৫৭তম বর্ষে এভাবেই শ্রদ্ধা জানানো হবে গায়ককে। মণ্ডপ তৈরি করা হবে নজরুল মঞ্চের আদলে।

গত ৩১শে মে নজরুল মঞ্চে অনুষ্ঠান ছিল কেকে-র। সেদিন অনুষ্ঠান শেষের পর হোটেলে ফিরে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সকলের প্রিয় গায়কের।

গায়কের এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেন নি তাঁর অনুরাগীরা। একটা মানুষ যিনি কী না কিছুক্ষণ আগেই গোটা স্টেজ মাতিয়েছেন, তিনিই কীভাবে এমন চিরনিদ্রায় চলে যেতে পারেন, এই প্রশ্নই তাড়া করছিল সকলকে বারবার। কেকে-র মৃত্যু নিয়ে বিতর্কও কম হয়নি। ম্যানেজমেন্টের গাফিলতির জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হয়েছে।

নজরুল মঞ্চে কেকে’র অনুষ্ঠান দেখতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তী। কিন্তু জরুরি কাজ থাকায় তিনি সেই অনুষ্ঠানে যেতে পারেন নি। শিল্পীর শেষ অনুষ্ঠান দেখতে না পাওয়ার তীব্র আক্ষেপ রয়েছে তাঁর। আর সেই কারণে গায়ককে শ্রদ্ধা জানাতে কবিরাজ বাগানের পুজোর থিমে কেকে-র শেষ অনুষ্ঠানের দৃশ্য ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রত্যেক বছরই অমলবাবুই কবিরাজ বাগানের দুর্গাপুজোর থিম সাজান। এবারের সেখানকার পুজোর থিম হবে নজরুল মঞ্চ। মণ্ডপের মধ্যে থাকবে কেকে-র একাধিক মূর্তি। সেই মূর্তি তৈরি হবে সিলিকনের। সেই মূর্তি বানানোর জন্য ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে কুমোরটুলির শিল্পী মন্টিকে।

জানা গিয়েছে, মণ্ডপের নানান জায়গায় বসানো হবে কেকে-র নানান মূর্তি। কলকাতায় আসার আগে তিনি যে সেলফি পোস্ট করেছিলেন, কেকে-কে যে গান স্যালুটের মাধ্যমে বিদায় জানানো হয়েছে, সেই সমস্ত দৃশ্য ফুটে উঠবে মণ্ডপে। শেষ অনুষ্ঠানে কেকে যে ২০টি গান গেয়েছিলেন, সেই গানগুলিই বাজবে মণ্ডপের ভেতর, এমনটাই জানা গিয়েছে।

RELATED Articles

Leave a Comment