ফের নাবালিকাকে গণধ’র্ষ’ণের অভিযোগ উঠল রাজ্যে। নাবালিকার আত্মীয়রা প্রতিবাদ জানাতে গেলে তাদের উপরও হামলা করা হয় বলে অভিযোগ। তাদের কোপানো হয়েছে বলে জানা গিয়েছে। আত্মীয়দের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার শ্যামনগরে। গতকাল, রবিবার এক ১৩ বছর বয়সী নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে ধ’র্ষ’ণ করে দুই দুষ্কৃতী। নাবালিকার আত্মীয়রা ঘটনাস্থলে পৌঁছে এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা চলে। পুলিশ এই ঘটনায় খুরশিদ মণ্ডল ও আলম মণ্ডল-সহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, গতকাল, রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে একটি গয়নার দোকানে গিয়েছিল ১৩ বছর বয়সী ওই নাবালিকা। কিছুক্ষণ পর বাড়ি ফেরার জন্য একা একা বেরিয়ে পড়ে সে। সেই সময় রাস্তায় একটি অন্ধকার জায়গায় মদ্যপানের আসর বসিয়েছিল ৪ দুষ্কৃতী। নির্জন সেই জায়গায় নাবালিকা পৌঁছতেই তাকে তুলে পিছনে ঝোপে নিয়ে যায় তারা। এরপর খুরশিদ মণ্ডল ও আলম মণ্ডল নামে ২ দুষ্কৃতী ধ’র্ষ’ণ করে নাবালিকাকে। আর বাকি ২ দুষ্কৃতী ছবি তুলে রাখে তার।
নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নাবালিকার আত্মীয়রা। তারা প্রতিবাদ করতে গেলে ধ’র্ষ’কদের এক সহযোগী আত্মীয়দের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ। আহত অবস্থায় ওই আত্মীয়দের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন রাতেই বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের তরফে। খুরশিদ মণ্ডল, আলম মণ্ডল-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো আইনের নানান ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। স্থানীয়রা দাবী তুলেছেন যাতে অভিযুক্তদের কঠোর শাস্তি হয়।





