কলকাতার খিদিরপুর বাজারে রবিবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। হঠাৎ করে বাজারের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভয়াবহ রূপ নেয়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৪০০-এর বেশি দোকান আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও ভোর হতেই বাজার চত্বর জুড়ে ছোট ছোট ‘পকেট ফায়ার’-এর কারণে পরিস্থিতি জটিল হয়ে রয়েছে।
বিশেষত, বাজারে থাকা একটি তেলের গুদামে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দমকলের ব্যবস্থা যথেষ্ট তৎপর ছিল না। রাত ১টা নাগাদ খবর জানানো হলেও অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। এমনকি, জলবাহী ট্যাঙ্কারে জল না থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
কয়েকজন দোকানদারের আশঙ্কা, এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়ে থাকতে পারে। তাঁদের বক্তব্য, ঘটনাস্থলে পুলিশ বা প্রশাসনের সহযোগিতাও সময়মতো মেলেনি। ওয়াটগঞ্জ থানার ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ Astrology : আজ থেকে শুরু সুদিন! এই ৫ রাশির জীবনে আসছে টাকার বৃষ্টি, প্রেমে সাফল্য ও উন্নতির জোয়ার!
ঘিঞ্জি এলাকায় এত বড় অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের লোকজনের মধ্যে। আর্থিক ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। দোকানগুলির ছাউনির অ্যাসবেসটাস গলে পড়ে গিয়েছে, স্ট্রাকচার ভেঙে পড়েছে।
তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের তরফে।





