পুজোর দু’সপ্তাহও বাকি নেই। দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে পুজোর শপিং সবই চলছে হুল্লোড় করে। পুজোর সময় ঘুরতে যাওয়ার জন্য মেট্রো সবথেকে বেস্ট। প্যান্ডেল হপিং করতে মেট্রোর জুড়ি মেলা ভার। ফলে পুজোর কয়েকদিন মেট্রোতে চাপও বেড়ে যায় অনেকটাই।
যাত্রী সামলাতে ও আরও ভালো পরিষেবা দিতে এবার পুজোর জন্য স্পেশাল সময়সূচী প্রকাশ করল মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চমী ও ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। আর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে চালানো হবে ১৩২টি মেট্রো।
পঞ্চমী ও ষষ্ঠীর দিন কোন সময়ে চালু হবে প্রথম মেট্রো?
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, পঞ্চমী ও ষষ্ঠীতে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে আপ ও ডাউন মেট্রো চালু হবে সকাল ৬টা ৫০ মিনিটে। এই দুদিন দমদম-দক্ষিণেশ্বরে সকাল ৬টা ৫৫ মিনিটে ও দক্ষিণেশ্বর-কবি সুভাষ গামী মেট্রোতে যাত্রীরা উঠতে পারবেন সকাল ৭টায়। পঞ্চমী ও ষষ্ঠীর দিন দমদম থেকে রাত ১০টা ৩৮ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে ছাড়বে। আর দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ১০টা ৫০ মিনিটে।
সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সময়সূচী
সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন দমদম-দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। যাত্রীরা দুপুর ১টায় প্রথম মেট্রো দমদম-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর-কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর, গীতাঞ্জলি-দমদম, শ্যামবাজার-কবি সুভাষ পর্যন্ত পাবে। এই তিন দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৮ মিনিটে। ভোর ৪টেয় দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদম শেষ মেট্রো ছাড়বে।
দশমীতে কখন শুরু হবে মেট্রো পরিষেবা?
দশমীতে দুপুর ১টায় দমদম থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো পরিষেবা শুরু হবে। দশমীর দিন রাত ৯টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং রাত ৯টা ৫০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ মেট্রো ছাড়বে। পুজোর শেষ দিনে ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবে যাত্রীরা।





