বড়দিনে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো, টেট পরীক্ষার দিনও বাড়তি পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ

সামনেই ক্রিসমাস অর্থাৎ বড়দিন। এই দিনটায় অনেকেই পার্টি মুডে থাকেন। অনেকেই আবার চলে যান পার্কস্ট্রীট পার্টি করতে। তবে পার্টির শেষে রাতে বাড়ি ফেরার একটা টেনশন থেকেই যায়। এবার মুশকিল আসানে এগিয়ে এল কলকাতা মেট্রো। শহরবাসীর জন্য বড়দিনে গভীর রাত পর্যন্ত মেট্রো চলবে বলে জানা গিয়েছে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বড়দিন উপলক্ষ্যে গভীর রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। তবে এদিন মেট্রো চলাচল একটু দেরিতে শুরু হবে। এদিন ৮ মিনিট অন্তর চলবে মেট্রো। আবার কম সংখ্যাতেও মেট্রো মিলবে এদিন।  

মেট্রোরেল সূত্রে খবর, আগামী ২৫ ডিসেম্বর দক্ষিণেশ্বর বা দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ন’টায়। অন্যান্যদিন সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়ে। বড়দিনে মোটে ১৯৭টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে ওইদিন অনেক রাতে মিলবে শেষ মেট্রো।

সূত্রের খবর, ২৫ ডিসেম্বর মিলবে শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে রাত ১০.৫৮ মিনিটে। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ১১টায়। আবার দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ১১টা ১০ নাগাদ। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত পাওয়া যাবে বলে জানা গিয়েছে।  

শুধু বড়দিনেই নয়, টেট পরীক্ষার দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর, রবিবার সকালের প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। টেট প্রার্থীদের জন্যই এমন বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

RELATED Articles