১৯ ঘণ্টা তল্লাশির পর তৃণমূলের বায়রন বিশ্বাসের বাড়ি থেকে ৭১ লক্ষ টাকা নিয়ে বেরলেন আয়কর আধিকারিকরা, উদ্ধার বিপুল গয়নাগাটিও

গতকাল, বুধবার সকাল সকালই সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এদিন ১৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বায়রন বিশ্বাসের বিরুদ্ধে। এদিন তল্লাশিতে ৭১ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ গয়নাগাটি উদ্ধার হয় বিধায়কের বাড়ি থেকে।  

বুধবার সকালে শুধুমাত্র বায়রনের বাড়িতেই নয়, এদিন হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছিলেন বিধায়কের সঙ্গে যুক্ত আরও বেশ কিছু জায়গায়। ধূলিয়ানের অপর একটি বাড়ি ও চা কোম্পানি থেকে বেরিয়ে বায়রনের ডাকবাংলোর বাড়িতে যান আয়কর আধিকারিকরা। ডাকবাংলোর বাড়ির পাশাপাশি বিধায়কের সঙ্গে সম্পর্কিত একটি হাসপাতাল ও একটি স্কুলেও আয়কর অভিযান চলে এদিন।

এই তল্লাশির মধ্যেই রাতে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক বায়রন বিশ্বাস। হাসপাতালে ভর্তি হন তিনি। বিধায়কের বাবা বাবর আলি জানান, “বায়রন রাজনীতির সঙ্গে যুক্ত, বিধায়ক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে”।

 প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর বাড়িতে প্রায় ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। সেই খবর আসার পরেই হঠাৎ অসুস্থ বোধ করেন বিধায়ক। সময় এগোনোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টাকার অঙ্কও। সূত্রের খবর, সাগরদিঘির বিধায়কের বাড়ি থেকে মোট ৭১ লক্ষ টাকা উদ্ধার করেছেন আয়কর আধিককারিকরা।

বায়রনের বাড়িতে এই আয়কর জানা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “‘রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে না পেরে বিজেপি এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে। নিজেদের ঘাটতি এজেন্সি দিয়ে আক্রমণ করিয়ে পূরণের চেষ্টা করছে। ফলে যাঁরা উন্নয়নে সামিল হতে তৃণমূলে চলে আসছেন, তাঁদের ঘরে আয়কর, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়”।

উল্লেখ্য, মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি বাবর আলির বড় ছেলে বায়রন বিশ্বাস। একসময় সিপিএম করতেন এই বাবর আলি। পরে যদিও রাজনীতি থেকে সরে আসেন তিনি। ভালোভাবে ব্যবসা চালিয়ে বিড়ি শিল্পপতি হন। এরপর চায়ের ব্যবসা শুরু করেন। ইংরাজি মাধ্যম স্কুল এবং বেসরকারি হাসপাতালও খোলেন।

তাঁর ছেলে বায়রন বাবার ব্যবসার দায়িত্ব নেন। সাগরদিঘির মোড়গ্রামে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা খুলতে চলেছেন তিনি। ২০২১ সাল থেকে রাজনীতিতে পা দেন বায়রন বিশ্বাস। গত বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে জিতেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তৃণমূলে যোগ দেন তিনি।

RELATED Articles