ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন করে আতঙ্ক তৈরি করছে করোনা। বাংলার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই পদক্ষেপ নেওয়া শুরু করল কলকাতা পুরনিগম। গতকাল, বুধবার স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা আসার পরই বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। আর এই বৈঠকে মাস্ক পরা, হাতে স্যানিটাইজার ব্যবহার করার নিয়মকে ফের বাধ্যতামূলক করা হয়েছে।
কলকাতা পুরনিগমের সদর দফতর, অন্যান্য অফিস, শহরের সবকটি বাজার এবং সরকারি অফিসগুলিতে কলকাতা পুরনিগমের তরফে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকেই এই নিয়মবিধি জারি হচ্ছে বলে জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ।
ইতিমধ্যেই কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। কলকাতা পুরনিগমের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ দিনে শহরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। তাদের মধ্যে বেশিরভাগের শরীরেই উপসর্গ নেই। মাত্র ৮১ জনের শরীরে উপসর্গ ছিল জানা গিয়েছে। যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৮০-৮৫ শতাংশই টিকা নিয়েছিলেন। এর জেরে কারোর শারীরিক অবস্থাই সঙ্কটজনক নয় বলে জানান ডেপুটি মেয়র।
এমন অবস্থায় কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পুরনিগম। সেই কারণ বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। নিয়মিয় হাত স্যানিটাইজ করার পরামর্শও দেওয়া হয়েছে। এখন থেকেই করোনা নিতে সচেতনতামূলক প্রচার চালানো হবে কলকাতা পুরনিগমের তরফে। বাজারগুলিতেও পুরনিগমের ডেস্কে মাস্ক রাখা থাকবে বলে জানানো হয়েছে।
দেশে ফের করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য বিশেষজ্ঞেরাও এ নিয়ে বেশ উদ্বিগ্ন। সম্প্রতি কিছু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়েছে, তাতে আবার আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী আট থেকে দশ দিন সংক্রমণ ধাপে ধাপে বাড়বে। এরইমধ্যে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে গত দু’বছরে আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা জেলাগুলিকে বিশেষ নজরে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা নয়ে সতর্কতা জারি করেছেন। রাজ্যবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। যাদের শারীরিক অসুবিধা রয়েছে, তাদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। তিনি এও জানান যে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তবে সচেতনতা অবলম্বন করতেই হবে।





