ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভারতেও একটু একটু শক্তি বাড়াচ্ছে করোনা। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং মিজোরমে আবার বাড়ছে করোনা সংক্রমণের হার। মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে এক্স-ই স্ট্রেনের ভূমিকা। আর তাই নতুন নতুন পদক্ষেপ গ্রহণের কথা বলা হচ্ছে সরকারের তরফে।
এই কারণেই দিল্লিতে ফের বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক।স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আবার মাস্ক পরতেই হবে। শুধু প্রাপ্তবয়স্কদেরই নয়, শিশু, কিশোর-কিশোরীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হল সে রাজ্যে।
স্কুল খোলা থাকা নিয়ে সে রাজ্যের তরফে জানানো হয়েছে যে এখনই স্কুল বন্ধ করে দেওয়ার কোনও আশঙ্কা নেই। স্কুল খোলাই থাকবে। ক্লাসও হবে নিয়ম করেই। আগামী সময়ে পরিস্থিতি বিচার করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে। তবে রাস্তায় বেরোতে গেলে তো বটেই স্কুল পড়ুয়াদের স্কুলেও পরে থাকতে হবে মাস্ক।
দিল্লিতে এমন সতর্কতার পরই সক্রিয় হয়েছে কলকাতাও। জানা গিয়েছে, ‘মাস্ক মাস্ট’ এই সচেতনতা প্রচারে নামবে কলকাতা পুরসভা। সর্দি-কাশি হলেই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে। কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
করোনার বাড়বাড়ন্ত নিয়ে গতকাল, মঙ্গলবারই জরুরি বৈঠকে বসেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ স্বাস্থ্য দফতরের নানান আধিকারিকরা। পুরসভা সূত্রে খবর, করোনা সংক্রমণ যাতে কোনওভাবেই রাজ্যে মাথাচাড়া না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতেই নিয়মিত পর্যালোচনা বৈঠক করা হবে পুরসভায়। প্রয়োজনে নানান পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে এদিনের এই বৈঠকে।





