Weather: টানা তিন দিন দুর্যোগের আশঙ্কা কলকাতায়, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি একাধিক জেলায়

কলকাতার সকালটা আজ শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। রাতভর শহরের একাধিক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, কোথাও আবার বজ্রপাতও হয়েছে। বৃহস্পতিবার সকালেও সেই আবহাওয়া অব্যাহত, টুপটাপ ঝিরঝিরে বৃষ্টি চলছে শহর জুড়ে। রোদ্দুরের দেখা নেই। আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার দিনভরই এমন আবহাওয়া থাকবে কলকাতায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সাধারণ মানুষের ভিজে ভিজে দিন কাটানো নিশ্চিত।

এখানেই শেষ নয়, আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ভারী বর্ষণের এলাকা আরও বিস্তৃত হবে—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রবল বৃষ্টি নামতে পারে। শনিবার আবার এর সঙ্গে যোগ হবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। কিছু কিছু জেলায় রবিবার এবং সোমবারও দুর্যোগ চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা আলাদা নয়। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়িতে আবার ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড়। সপ্তাহান্তে দক্ষিণ দিনাজপুর ও মালদহে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পঙেও ভারী বর্ষণের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবারের আগে পর্যন্ত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, কোথাও আবহাওয়ার তেমন উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

এরই সঙ্গে সমুদ্রও সপ্তাহান্তে উত্তাল হয়ে উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত। ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে জেলেদের জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে শনিবার ও রবিবার গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতেও উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুনঃ Abhisekh banerjee : ‘দোষ প্রমাণিত না হলে তদন্তকারী অফিসারকে দ্বিগুণ সময় জেলে থাকতে হবে’—অমিত শাহকে উদ্দেশ্য করে বিস্ফোরক শর্ত ও কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

আবহাওয়ার এমন অনিশ্চিত অবস্থায় তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় খানিকটা কমে রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় আড়াই ডিগ্রি কম। অর্থাৎ শহরের আবহাওয়া আপাতত বেশ আরামদায়ক ঠান্ডা হলেও, লাগাতার বৃষ্টিতে সাধারণ মানুষের ভোগান্তি যে বাড়বে, তাতে সন্দেহ নেই।

RELATED Articles