খুব তাড়াতাড়ি কলকাতা পেতে চলেছে কো-ভ্যাক্সিন। কো-মর্বিডিটি যুক্ত নাগরিকই আগে এই টিকা পাবেন। ইতিমধ্যেই সেই তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে। এমনটাই জানালেন কলকাতার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
খবর সূত্রে জানা গিয়েছে, টিকা যেদিনই আসবে, নবান্নের পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই শুরু হবে শহরে টিকাকরণের কাজ। এই কথাই জানান কলকাতার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
গত বুধবার বাংলায় করোনার টিকার প্রথম ডোজ নেন ফিরহাদ। এদিন বিকেলে নাইসেডে কলকাতার পুরমন্ত্রীকে স্বাগত জানান ডিরেক্টর শান্তা দত্ত। তারপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। দেশীয় টিকার চূড়ান্ত পর্বের ট্রায়ালে কলকাতার প্রথম নাগরিক হিসেবে অংশ নেন ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, টিকাকরণের ২৪ ঘণ্টা পরেও তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

টিকাকরণ নিয়ে গতকাল বৃহস্পতিবার ফিরহাদ হাকিম জানান, “পুরো ফিট আছি। ভ্যাকসিন ট্রায়াল শেষ হলেই মুখ্যমন্ত্রী দেবেন। তখনই শহরে প্রতিটি ওয়ার্ডে গণ টিকাকরণ শুরু হবে। আমাদের সম্পূর্ণ তালিকা তৈরি রয়েছে”।
জানা গিয়েছে, ইতিমধ্যেই শহরের ৩০ লক্ষ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে যারা প্রথমেই এই টিকা পাবেন। এদের মধ্যে কো-মর্বিডিটি রয়েছে, এমন নাগরিকদের নাম আলাদা করে বাছাই করে রেখেছে পুরসভার স্বাস্থ্য দফতর। তাদের টিকাকরণ সবার আগে হবে। তবে, এই তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ, এমন কথাও জানা গিয়েছে।





