করোনা যেমন একদিকে নিয়ে এসেছে মৃত্যুর ভয়, তেমনি সঙ্গে নিয়ে এসেছে ডিপ্রেশন বা মানসিক অবসাদ। আর যার চলতে বিশ্বব্যাপী বেড়েই চলেছে আত্মহত্যার সংখ্যা। এবার খোদ কলকাতার বুকে আত্মঘাতী হলেন এক বয়স্কা। দমদমে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। জানা গেছে মৃতার নাম আল্পনা দাস।
দমদম নাগেরবাজারের দেবীনিবাস রোডের এক বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দেন আল্পনা দেবী। পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে মেয়ের বাড়িতে আসেন আল্পনা দাস। বয়স ৬২ বছর। কিন্তু আজ সকালে হঠাৎই সবার নজর এড়িয়ে পৌঁছে যান ছাদে এরপরই ঝাঁপ দেন সেখান থেকে। কিছুক্ষণ পরে বহুতলের সামনে তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে।
পরিবারের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য, করোনার জন্য এখন বয়স্কদের প্রাতঃভ্ৰমণ বন্ধ হয়ে গেছে। ফলে সকালে যেটুকু সময় তাঁরা বাড়ির বাইরে যেতে পারতেন এখন তাও পারেন না। বাড়িতে বসে থাকতে থাকতে এখন অনেকেই অবসাদে ভুগছেন। তবে আল্পনা দেবীও সেই কারণেই আত্মহত্যা করেছেন কিনা, তা জানতে তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। করোনার জেরে না জানি এমন কতো ভয়ানক যন্ত্রণার দৃশ্য আমাদের সামনে উঠে আসবে।






