Bihar election 2025 : মহাগাঁটবন্ধনের হাত ধরেও ঘুরল না খেলা! বাংলার পর বিহারেও লাল পতাকার ভরাডুবি—বামেদের শক্ত ঘাঁটিতে এনডিএ-র ঝড়!

বিহারের রাজনীতিতে একসময় লাল রঙ মানেই ছিল শক্তি, মাটি ধরে রাখার লড়াই আর বামপন্থী ভাবধারার দৃঢ় উপস্থিতি। বিগত কয়েকটি নির্বাচনে বিশেষ করে ২০২০-র বিধানসভা ও সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বামেরা নিজেদের শক্তিসামর্থ্য দেখাতে পেরেছিল। সেই স্মৃতিই যেন ভরসা জুগিয়েছিল ২০২৫ সালের লড়াইয়েও। কিন্তু এবারের ছবিটা আলাদা—অনেকটাই বিবর্ণ, অনেকটাই হতাশাজনক। যেন বাংলার মতোই বিহারেও লাল পতাকা পড়ে গেল শূন্যের ঘরে।

এবারের নির্বাচনে বামেদের পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়। মহাগাঁটবন্ধনের সঙ্গেই ছিল তারা, জোটের শক্তি কাজে লাগিয়ে নিজেদের ভোটব্যাঙ্ককে আরও বিস্তৃত করার চেষ্টা ছিল স্পষ্ট। কিন্তু ভোটযুদ্ধ শুরু হতেই বোঝা গেল বাজি খুব একটা ভালো যাচ্ছে না। পূর্বের সাফল্যের তুলনায় এবারের মাঠ যেন আগেই পিছলে গেল। এমনকি যে সব আসনে বামেরা ঐতিহ্যগতভাবেই লড়াই করে এসেছে, সেখানেও লালঝান্ডা দুলল কেবল নামমাত্রেই।

এর আগের ফলাফলগুলো দেখলে বোঝা যায়, ২০২০ সালে লিবারেশন ১৯টি আসনে লড়ে ১২টিতে জিতেছিল। সিপিআই লড়েছিল ৬টিতে, জয় আসে ২টিতে। সিপিএম ৪টিতে লড়ে ২টিতেই জয় পেয়েছিল। এমনকি শেষ লোকসভা নির্বাচনেও সিপিআইএমএল তিনটি আসনে লড়ে দু’টিতে জিতেছিল। সেই তুলনায় এবার ছবিটা সম্পূর্ণ বদলে গেল। এবার মোট ৩৩টি আসনে প্রার্থী দিলেও লড়াইয়ে তাঁদের অস্তিত্ব কার্যত উধাও হয়ে গেল। সমীকরণ এতটাই ঘেঁটে গেল যে প্রথম দিকের গণনাতেই স্পষ্ট—লাল রঙের শক্তিকে বিহারবাসী এবার তেমন গুরুত্ব দিচ্ছেন না।

সিপিআইএমএল যে ২০টি আসনে প্রার্থী দিয়েছে—কাটিহারের বলরামপুর থেকে নালন্দার রাজগির, গোপালগঞ্জের ভোর, শিবানের দ্বারুন্দা, পাটনার দিঘা থেকে জেহানাবাদের ঘোষী—সেখানে লড়াই খুবই দুর্বল। শেষ আপডেটে সিপিআইএমএল মাত্র ৪টিতে এগিয়ে এবং সিপিএম মাত্র ১টিতে। বাকি জায়গায় এনডিএ কার্যত ঝড় তুলে দিয়েছে। রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে এনডিএ এগিয়ে ২০০-তে। সেখানে মহাগাঁটবন্ধন ঠেকেছে মাত্র ৩৭-এ।

আরও পড়ুনঃ Delhi 10/11 bla*st : চিকিৎসকের বাড়িতে কেন ‘কন্ট্রোল্ড ব্লাস্ট’? লালকেল্লা কাণ্ডে ডাঃ উমর কি শুধু সামনে থাকা মুখ, পিছনে কি আরও ভয়ঙ্কর নেটওয়ার্ক?

শেষমেশ একটাই ছবি স্পষ্ট বাংলায় একসময় যেভাবে লাল পতাকা শূন্যে নেমে গিয়েছিল, এবার সেই একই পরিণতি বিহারেও। প্রচারের জোর, জোটের শক্তি, আগের সাফল্য—কিছুই কাজে লাগল না। বামেদের ঘর এবার আগের মতোই রিক্ত, আরও ফাঁকা। ২০২৫-এর বিহার নির্বাচন তাই পরিষ্কার বার্তা দিচ্ছে—লাল রঙের রাজনীতি এখন আর ভরসার জায়গা নয় ভোটারদের চোখে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles