ফের একবার শহরের নামী বেসরকারি হাসপাতাল এসএসকেএম নিয়ে বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি জানান, মুখ্যমন্ত্রীর বলার পরও কিচ্ছু পাল্টায় নি সেখানে। পিজিতে ঢেলে দালালি চলছে।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এসএসকেএমে তাঁর ভুল চিকিৎসার জন্য তাঁর পায়ে ইনফেকশন হয়। এদিন মুখ্যমন্ত্রীর এই ভুল চিকিৎসার প্রসঙ্গ টেনে মদন বলেন, “মুখ্যমন্ত্রী কতটা কষ্ট পেলে এটা বলেন যে ভুল চিকিৎসার শিকার হলাম। কিন্তু মুখ্যমন্ত্রী বলার পরও কোনও হেলদোল নেই। পিজিতে এখনও ঢেলে দালালি চলছে”।
কীভাবে হচ্ছে এই দালালি?
তৃণমূল বিধায়কের দাবী, “দেখা গেল মুখ্যমন্ত্রী বলার পরও কোনও হেলদোল নেই। পিজিতে এখনও ঢেলে দালালি চলছে। দালাল রাজের শিখর একেবারে মাটির তলা থেকে আকাশ অবধি বেরিয়ে গিয়েছে। এখন দালালরা এমনি টাকা নিচ্ছে না। অনলাইন পে, গুগল পে করছে। গুগল পে-তে টাকা পাঠানো হচ্ছে। সিস্টেমে সেই টাকা সব জায়গায় চলে যাচ্ছে”।
এরপরই অরূপ বিশ্বাসের প্রসঙ্গ টেনে মদন মিত্র বলেন, “আমি অরূপকে ক্রেডিট দিই। ও খুবই মেথডিক্যাল। ও সব থেকে চেষ্টা করেছে। ইউনিয়নবাজি বন্ধ করা, কাজ ফাঁকি দেওয়া বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু, ও তো এফআরসিএস এমআরসিপি নয়। তাই ওর পক্ষে এটা বোঝা সম্ভব নয় ছুরি কাঁচি না ধরলে তো আর ডাক্তার হওয়া যায় না”।
প্রসঙ্গত, কিছুমাস আগেই মদন মিত্র বলেছিলেন, ‘সে নো টু পিজি, আমি মদন মিত্র বলছি’। আসলে মধ্যরাতে এক মুমূর্ষু রোগীকে এসএসকেএমে ভর্তি করাতে পারেন নি মদন মিত্র। সেই নিয়ে এই হাসপাতালের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবী তুলেছিলেন তিনি। তবে তাঁর এবারের এই বিস্ফোরক মন্তব্যে এখনও পর্যন্ত এসএসকেএমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।





