আবার‌ও বিতর্ক উস্কালেন রাজ‍্যপাল! গড়িয়া শ্মশান কান্ডে ক্ষমা চাওয়া উচিত মমতার! দাবি তাঁর!

সম্প্রতি ঘটে যাওয়া গড়িয়া শ্মশানকাণ্ড নিয়ে ফের একবার রাজ্য সরকারকে তীব্র আক্রমন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার আবারও একগুচ্ছ ট‍্যুইট করে রাজ্য সরকারের ভূমিকার একরাশ সমালোচনা করেছেন তিনি। সঙ্গে কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে বিঁধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এদিন রাজ্যপাল লিখেছেন, ‘ওই ঘটনার জন্য অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের।’

গড়িয়া শ্মশানের মৃতদেহ নিয়ে রাজ্যের স্বারষ্ট্রসচিবের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার তাঁকে রাজভবনে গিয়ে তথ্য দেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। তার পর টুইটে রাজ্যপাল লেখেন, ‘কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার আমাকে ১৪টি মৃতদেহ সৎকারের কষ্টকর কাহিনী শুনিয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে সৎকার পর্যন্ত তাঁদের সঙ্গে কী কী ঘটেছে সেই ব্যাপারে আমাকে অবগত করেছেন তিনি। সঙ্গে এই ঘটনায় গাফিলতি হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।‘

এর পরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাজ্যপাল লেখেন, ‘মৃতদেহ সৎকারের ওই বর্বর ও নৃশংস পদ্ধতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হয়েছেন সবাই। দেহগুলিতে হুক বাঁধিয়ে যে ভাবে বারবার টানাটানি করা হয়েছে তাতে আমাদের প্রাচীন সংস্কার ভূলুণ্ঠিত হয়েছে। এজন্য সমাজের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’

এই ঘটনায় ফিরহাদ হাকিমের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। রাজ্যপাল লিখেছেন, ‘কলকাতা পুরসভার প্রশাসকের অবস্থান আমার কাছে অকল্পনীয়। তাঁর দায়িত্বের ব্যাপারে তিনি সতর্ক নন। পুর কমিশনারের মাধ্যমে তাঁকে অবিলম্বে দেখা করতে বলেছি। উনি এলে আমফানের জেরে কলকাতাবাসীকে যে অসহনীয় যন্ত্রণা পোহাতে হয়েছে তা নিয়েও আলোচনা করব।’

RELATED Articles

Leave a Comment