‘আমার চাওয়ার কিছু নেই, তৃণমূল পাশে থাকবে, ২০২৪-এ INDIA লড়বে’, একুশের মঞ্চ থেকে ফের বিরোধী জোটে শান মমতার

একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথম থেকেই একনাগাড়ে কেন্দ্র সরকারকে নানানভাবে বিঁধে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিরোধী জোটে শান দিয়ে বললেন আগামী লোকসভা নির্বাচনে INDIA জিতবে।

২০২৪-এর নির্বাচনের বছর খানেক আগে থেকেই বিরোধী জোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তৃণমূল-সহ বিজেপি বিরোধী ২৬ টি দল মিলে তৈরি করেছে INDIA (ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স)। মোদী সরকারকে উৎখাত করতে হাতে হাত রেখে লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালরা। INDIA’র সাফল্য নিয়ে নিশ্চিত তাঁরা সকলেই। ইতিমধ্যে পাটনা, বেঙ্গালুরুতে বিরোধীদের দুটি বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের মঞ্চে এদিন কী বললেন মমতা?

তৃণমূল নেত্রীর কথায়, “আমাদের চাওয়ার কিছু নেই। ইন্ডিয়া লড়বে। পাশে থাকবে তৃণমূল। জয় বাংলার মতো এবার জয় ইন্ডিয়া স্লোগানকে জনপ্রিয় করে তুলতে হবে”।

এদিনের এই মঞ্চ থেকে যেন জোটের ভবিষ্যৎ কর্মসূচির সুর যেন বেঁধে দিতে চাইলেন মমতা। তিনি বলেন, “অরবিন্দের (পড়ুন অরবিন্দ কেজরিওয়াল) সঙ্গে আমার কথা হয়েছে। আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী মিলে মণিপুরে যেতে পারি কিনা তা দেখতে বলেছি। ওখানে গিয়ে ক্যাম্পগুলো পরিদর্শন করব আমরা। সেখানকার মানুষের পাশে দাঁড়ব”।

এদিন মমতার বক্তব্যের আগে মঞ্চে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর গলাতেও এদিন INDIA নিয়ে স্লোগান শোনা যায়। তাঁর কথাতেও, গোটা বাংলায় ইন্ডিয়া জিতবে। বাংলায় আবার কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোটের জল্পনাও উস্কে দিলেন তিনি।

কী বললেন অভিষেক এদিন?

এদিন INDIA নিয়ে স্লোগান দিয়ে অভিষেক বলেন, “আগামী ২৪এ ভারতে জিতছে কে? INDIA আবার কে”? এরপরই আবার রাজ্যে পালাবদলের আগেকার সময়ে ফিরে গেলেন তিনি। অভিষেকের কথায়, ”২০১০-এর একুশে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। ২০১১-তে সিপিএমের বিদায় খালি সময়ের অপেক্ষা ছিল। এবারও ভারতজুড়ে একটাই জয়ধ্বনি, ২০২৪-এ জিতবে কে? INDIA আবার কে? ভারতবর্ষের সঙ্গে লড়বে কে? INDIA আবার কে”?

RELATED Articles