চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে টালা ব্রিজ। অনেকদিন ধরেই এই ব্রিজ পুনরায় চালু হওয়ার সিন গুনছে কলকাতাবাসী। অবশেষে এল সুখবর। মহালয়ার আগের দিন অর্থাৎ ২৪শে সেপ্টেম্বরই এই ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দফতরে সূত্রে খবর অনুযায়ী, উদ্বোধনের রাত থেকেই টালা ব্রিজে শুরু হবে যান চলাচল। তবে তা আয়তনের উপর রাশ টেনে নিয়ন্ত্রিত গতিতেই।
উদ্বোধনের পর শুধুমাত্র ছোটো গাড়িই টালা ব্রিজে চলবে, আপাতত এটাই স্থির হয়েছে। এরপর পরীক্ষামূলকভাবে সাতদিন নজর রাখবে কলকাতা পুলিশ ও পূর্ত দফতর। এরপর পঞ্চমী থেকে পুরোদমে চলবে ভারী যান, বাস, ট্যাক্সি, লরি।
টালা ব্রিজের এই উদ্বোধন নবান্নের তরফে শহরবাসীকে শারদীয়ার উপহার বলেই গণ্য করা যায়। এই কারণে উদ্বোধনের দিন থেকে না শুরু করে পঞ্চমীর দিন থেকে ভারী যান চলাচল করাতে চায় নবান্ন। ওই কয়েকটা দিন পরীক্ষামূলকভাবে নজরদারির প্রয়োজন। পঞ্চমীর দিন শহর যখন আলোর ঝলমলিয়ে উঠবে, সেই সময় পুরোদমে চালু হবে টালা ব্রিজ।
পূর্ত দফতরের এক আধিকারিকের কথায়, “আমরা সব রকম পরীক্ষা করে সেতু উদ্বোধনের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছি। কিন্তু তা সত্ত্বেও উদ্বোধনের ক্ষেত্রে আমাদের কিছু সরকারি নিয়ম মেনে চলতে হয়। তাই ২৪ তারিখ উদ্বোধন হলেও, ৩০ তারিখেই তা পুরোপুরি খুলে দেওয়ার কথা বলা হচ্ছে”।
উল্লেখ্য, ২০১৮ সালে যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে, সেই সময় পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে শহরের নানান সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই সময় টালা ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হলে সেই ব্রিজকে পুরো ভেঙে ফেলে নতুন করে গড়ার কথা জানান বিশেষজ্ঞরা।
সেই মতো টালা সেতু ভেঙে নতুন করে ফের তৈরি করা হল। ২০২০ সালের নভেম্বর মাসে নতুন মাঝেরহাট সেতুর উদ্বোধন হয়। সেই সময়ও সাত দিনের জন্য নতুন সেতুর উপর যান চলাচলে নিয়ন্ত্রণ রেখেছিল কলকাতা পুলিশ-সহ পূর্ত দফতর। আর এবার টালা ব্রিজের জন্যও সেই একই পদ্ধতি অবলম্বন করা হল।





