দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ততম অঞ্চল হাজরা মোড়ে বৃহস্পতিবার বিকেলে হঠাৎই চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের কাছেই এক যুবককে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবকের হাতে ছিল একটি পিস্তল। পুলিশের চোখে সন্দেহ জাগতেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এলাকাবাসীর।
সূত্রের খবর, হাজরা মোড়ের কাছে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক। তাঁর গতিবিধি পুলিশের নজরে আসতেই সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, যুবকের কাছে বৈধ লাইসেন্স রয়েছে। তবে প্রশ্ন উঠেছে— মুখ্যমন্ত্রীর বাড়ির এত কাছে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করার কারণ কী? তাঁর উদ্দেশ্য নিয়েই চলছে তীব্র জল্পনা।
সূত্র অনুযায়ী ওই যুবক নাকি মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ই তাঁকে ধরে ফেলে পুলিশ। আবার অন্য একটি সূত্র বলছে, তিনি শুধুমাত্র দেখা করার জন্যই এসেছিলেন। যেই পরিচয়পত্রটি তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, তাতে জানা গিয়েছে তিনি সল্টলেকের একটি বেসরকারি স্কুলে কর্মরত। নিজেকে শিক্ষক বলে দাবি করে ওই যুবক জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই কালীঘাটে এসেছিলেন। যদিও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি মেলেনি।
ঠিক একই দিনে, নবান্নে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কমিশনের আধিকারিকরা রাজ্যের সরকারি কর্মীদের ‘হুমকি’ দিচ্ছেন, যা তিনি বরদাস্ত করবেন না। বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নামের কার্যক্রমকে তিনি ‘রাজনৈতিক প্রভাবিত পদক্ষেপ’ বলে দাবি করেন। তাঁর বক্তব্য, ভোটার তালিকায় কারচুপির চেষ্টা গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।
মমতা স্পষ্ট ভাষায় জানান, নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া সত্ত্বেও কমিশনের কর্তারা রাজ্য সরকারি আধিকারিকদের তলব করছেন—এটা অগ্রহণযোগ্য। তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে এনআরসি-র প্রাথমিক ধাপ হিসেবেই এই SIR কার্যক্রম চলছে। সেইসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও তিনি তীব্রভাবে আক্রমণ করেন। তাঁর কথায়, “বাঁশের চেয়ে কঞ্চি বেশি দড়।” মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, সময় এলেই সব প্রমাণসহ তথ্য প্রকাশ করবেন তিনি।
আরও পড়ুনঃ ED : “ওদের কাজ ওরা করুক। আমাদের কাজ আমরা করব, এখানকার মানুষ সব জানে,মানুষই আমার সার্টিফিকেট।”–ইডির হানায় মুখ খুললেন সুজিত বসু!
দু’টি ঘটনাই, মমতার কালীঘাটের বাড়ির সামনেই অস্ত্রধারী যুবক আটক এবং একই দিনে নবান্ন থেকে তাঁর কড়া মন্তব্য—রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার, পুলিশের তদন্তে সেই যুবকের পিস্তলধারী উপস্থিতির আসল কারণ কতটা স্পষ্ট হয়।





