রবিবাসরীয় সকালে ভয়ানক অগ্নিকাণ্ড শহরে, বাইপাসের ধারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

বাইপাসের ধারে আনন্দপুরে বিধ্বংসী আগুন। এমন অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক। আগুন দেখেই ছোটাছুটি শুরু করে স্থানীয়রা। দমকলের ১০টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নি বলেই খবর।

কী ঘটেছিল ঘটনাটি?

জানা গিয়েছে, আজ, রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে বাইপাসের পাশের এলাকা। বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে পাশেই রয়েছে একটি ঝুপড়ি। সেখানেই আগুন লেগে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। গ্রাস করে একের পর এক ঝুপড়ি। কালো ধোঁয়াতে ঢেকে যায় চারিদিক।

জানা গিয়েছে, এরই মধ্যে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। পরিস্থিতি যে বেশ ভয়ানক, তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক সিলিন্ডার ফাটতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়।

তবে কীভাবে কী কারণে এমন ভয়াবহ আগুন লাগল, তা এখনও জানা যায়নি। এদিন শহরে দমকা হাওয়া বইছে ফলে আগুন দ্রুত ছড়িয়ে যায়। দমকল বাহিনী আসার আগেই একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে জয় বলে খবর। আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীর কর্মীদের।

জানা গিয়েছে, প্রায় ৪০-৫০টি ঝুপড়িতে আগুন লেগে গিয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের দাপট অতিরিক্ত থাকায় পরিস্থিতি বাগে আনা সহজ হচ্ছে না। এই এলাকার লোকজন বেশীরভাগই দিনমজুরের কাজ করেন। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর না মিললেও আগুনের থেকে ঝুপড়ির কোনও সামগ্রীই বাঁচানো সম্ভব হয়নি। ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন এলাকাবাসীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles