Mahua Moitra : নিঃশর্ত ক্ষমা না চাইলে কঠোর পদক্ষেপ, মহুয়া মৈত্রর মন্তব্যে ক্ষুব্ধ মতুয়া মহাসঙ্ঘের চিঠি মুখ্যমন্ত্রীর কাছে!

রাজনীতির মঞ্চে এক মন্তব্যে ঘিরে ঝড় উঠেছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাম্প্রতিক বক্তব্য নিয়ে ক্ষোভ উথলে পড়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। শুধু মতুয়াই নয়, নমঃশূদ্র ও তপশিলি সমাজকেও উদ্দেশ্য করে দেওয়া ওই মন্তব্য ঘিরে ক্রমশই বাড়ছে অসন্তোষ। সেই অসন্তোষ এখন পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর দরজায়।

কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি এক কর্মসূচিতে বলেন, সারা বছর তৃণমূলের সমর্থন করলেও ভোটের সময় অনেক মতুয়া বা নমঃশূদ্র ভোটার বিজেপির দিকে ঝুঁকে পড়েন। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও দাবি করেন, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া সত্ত্বেও একাধিক বুথে বিজেপিই বেশি ভোট পায়। এই বক্তব্যকেই সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ ও আত্মমর্যাদার উপর আঘাত বলে দাবি করছেন মতুয়া মহাসঙ্ঘের নেতারা।

বিতর্কিত মন্তব্যের পর থেকেই মতুয়া মহাসঙ্ঘের তরফে মহুয়া মৈত্রকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের অনুগামীরা এক নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। অভিযোগ, সেই সময়সীমা পেরিয়েও মহুয়া ক্ষমা চাননি বা বক্তব্য প্রত্যাহার করেননি। ফলে ক্ষোভ আরও তীব্র হয়েছে।

অবশেষে পদক্ষেপ করল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ, সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরীর বক্তব্য, সংবাদমাধ্যমের মাধ্যমে মহুয়া মৈত্রকে ক্ষমা চাওয়ার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। তাঁদের আশা, মতুয়াদের অনুভূতিতে আঘাত লেগেছে বুঝে মুখ্যমন্ত্রী অবশ্যই হস্তক্ষেপ করবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন।

আরও পড়ুনঃ Donald Trump : “মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে সবচেয়ে গভীর, অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি”— ট্রাম্পের মন্তব্যে কূটনৈতিক মহলে তোলপাড়!

এই ঘটনার পর রাজনীতির অঙ্গনে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে। বিজেপি নেতাদের মতে, মহুয়ার মন্তব্য প্রমাণ করে তৃণমূল মতুয়াদের সম্মান দিতে ব্যর্থ হয়েছে। অপরদিকে তৃণমূলের একাংশ বলছে, মহুয়া বাস্তব পরিস্থিতির কথা বলেছেন, যা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে চিঠি পাঠানোয় বিষয়টি এখন সরাসরি মুখ্যমন্ত্রীর কোর্টে। তিনি কী সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন তাকিয়ে মতুয়া সম্প্রদায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর