Messi : যুবভারতীর বিশৃঙ্খলার পর হায়দরাবাদে মেসি-জাদু, একই উদ্যোক্তা হলেও কেন দুই শহরের ছবি এত আলাদা?

শনিবারের দিনটা ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য শুরু হয়েছিল চরম হতাশা আর অস্বস্তির মধ্যে। সকালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা আর অনিশ্চয়তার মধ্যে সেই স্বপ্ন কার্যত ভেঙে পড়ে অনেকেরই। ঠিক সেই দিনই সন্ধ্যায়, দেশের আর এক প্রান্তে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা দিল—যেন একই সফরের দুই মেরু। হায়দরাবাদে দর্শকদের সামনে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন ফুটবলের যুবরাজ।

দিনের শেষে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পা রাখতেই মেসিকে ঘিরে শুরু হয় উচ্ছ্বাস। কানায় কানায় ভর্তি স্টেডিয়ামে দর্শকদের উল্লাসে মুহূর্তেই উৎসবের আবহ তৈরি হয়। মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনাবিল হাসি, ছোট ছোট পাস, হালকা ‘কিক অ্যাবাউট’—সব মিলিয়ে যেন মাঠজুড়ে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ছোঁয়া। অথচ ঘটনাচক্রে এই হায়দরাবাদ ইভেন্টের অন্যতম উদ্যোক্তাও ছিলেন শতদ্রু দত্ত, যাঁকে সকালে যুবভারতীর বিশৃঙ্খলার জন্য গ্রেফতার করা হয়েছে।

মেসির এবারের ‘GOAT India Tour’-এর সামগ্রিক আয়োজনের দায়িত্বেই ছিলেন শতদ্রু দত্ত। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বই—প্রতিটি শহরে আলাদা আলাদা পরিকল্পনা করা হয়েছিল। তবে কলকাতায় যেখানে ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন, সেখানে হায়দরাবাদে সেই অভিযোগ প্রায় শোনা যায়নি। আশ্চর্যের বিষয়, এখানকার টিকিটের দাম ছিল কলকাতার তুলনায় কম, তবু দর্শক সন্তুষ্টি ছিল চোখে পড়ার মতো।

হায়দরাবাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সামনেই তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে হালকা ফুটবল খেলায় মাতেন মেসি ও সুয়ারেজ। আর্সেনালের জার্সি পরে মাঠে নামা রেবন্ত পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নিয়ে গোল করে দর্শকদের বাড়তি উন্মাদনা উপহার দেন। লক্ষণীয় ছিল নিরাপত্তা ব্যবস্থা—মেসির চারপাশে যথেষ্ট ফাঁকা জায়গা রাখা হয়েছিল, যাতে দর্শকরা তাঁকে চোখ ভরে দেখতে পারেন। মেসিও তার বদলা দেন গ্যালারির দিকে বল ছুড়ে দিয়ে।

আরও পড়ুনঃ Messi in Kolkata:“এক ঝলক মেসির বদলে বিশৃঙ্খলা!” যুবভারতীতে তাণ্ডবের পর তৃণমূলকে কাঠগড়ায় বিরোধীরা!

সকাল ও সন্ধ্যার এই দুই বিপরীত ছবি স্বাভাবিক ভাবেই তুলনার জন্ম দিয়েছে। যুবভারতীতে গিয়েও যাঁরা মেসিকে দেখতে পাননি, তাঁদের কাছে হায়দরাবাদের দৃশ্য নিঃসন্দেহে কষ্ট বাড়াবে। প্রশ্ন উঠছেই—একই সফর, একই তারকা, এমনকি একই উদ্যোক্তা থাকা সত্ত্বেও এতটা পার্থক্য কেন? শনিবারের হায়দরাবাদ যেন প্রমাণ করল, সঠিক পরিকল্পনা আর প্রশাসনিক সতর্কতায় এমন ইভেন্ট সফল করা সম্ভব। আর সেই তুলনায় কলকাতার আক্ষেপ আরও গভীর হয়ে রইল।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর