কালীপুজোর দিন মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো, শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেনও, জানুন সময়

দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও মাঝরাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল মেট্রো কর্তৃপক্ষের তরফে। আবার দীপাবলি উপলক্ষ্যে কালীপুজোর পরদিন অর্থাৎ মঙ্গলবার বিশেষ ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে। এর পাশাপাশি কালীপুজোর দিন অতিরিক্ত ট্রেনও চলবে শিয়ালদহ শাখায়, এমনটাও জানা গিয়েছে।

কালীপুজোর দিন দক্ষিণেশ্বর, কালীঘাটে প্রচুর ভক্তসমাগম হয়। মাঝরাত পর্যন্ত তাঁরা থাকেন মন্দিরে। তাঁদের যাতে ফিরতে সমস্যা না হয় তার জন্যই বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

সূত্রের খবর, ২৪ অক্টোবর অর্থাৎ কালীপুজোর দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ স্টেশন পর্যন্ত মোট ২০০টি ট্রেন (আপ এবং ডাউনে ১০০টি করে) চালানো হবে। এর মধ্যে থাকবে ৬ জোড়া (আপ এবং ডাউনে ৬টি করে) বিশেষ ট্রেন। কালীপুজোয় কবি সুভাষ থেকে প্রথম বিশেষ ট্রেন রাত ৯টা ৫৪ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে বিশেষ ট্রেন রাত ৯টা ৪৮ মিনিটে ছাড়বে। দু’টি স্টেশন থেকেই শেষ বিশেষ ট্রেন রাত ১২টায়।

এর পরদিন অর্থাৎ ২৫ অক্টোবর, দীপাবলির দিন মোট ১৮৮টি মেট্রো (আপ এবং ডাউনে ৯৪টি করে) পরিষেবা দেবে। ওই দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ বিশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩৫ মিনিটে। এছাড়া কালীপুজো এবং দীপাবলির দু’দিনই মেট্রো রেলের নিয়মিত পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫০ মিনিটে।

শুধু তাই-ই নয়, কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে সোমবার ও মঙ্গলবার শিয়ালদহ শাখায় চলবে ৯টি অতিরিক্ত ট্রেন। এই ট্রেনগুলি গন্তব্যের সমস্ত স্টেশনে দাঁড়াবে। শিয়ালদহ-ডানকুনির মাঝে একজোড়া ট্রেন চলবে। শিয়ালদহ থেকে রাত সাড়ে এগারোটায় ছাড়বে ট্রেনটি। আর ডানকুনি থেকে ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে। শিয়ালদহ-বারাসতের মাঝে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২টা ১০ মিনিটে, বারাসত থেকে ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেনটি ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে ও রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে। শিয়ালদহ-বারুইপুরের মাঝের ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত সাড়ে ১২টা ও বারুইপুর থেকে ছাড়বে রাত ১টা ২৫ মিনটে।

এছাড়াও শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে বারুইপুরের জন‌্য ছাড়বে আরও একটি ট্রেন। কালী প্রতিমার ভাসানের জন‌্য চক্ররেল ২৫-২৮ অক্টোবর পর্যন্ত বিকেল চারটে থেকে পরেরদিন সকাল সাতটা পর্যন্ত নিয়ন্ত্রণে থাকবে। ওই সময় তিনটি কলকাতা, দু’জোড়া শিয়ালদহ, এক জোড়া বালিগঞ্জ ও এক জোড়া মাঝেরহাট পর্যন্ত স্বল্পদূরত্বে চলবে।

RELATED Articles