মোটরবাইক শেখানোর নাম করে নিউটাউনে মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত ২ গ্রেফতার!

ফের তিলোত্তমার বুকে গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউনের রাম মন্দির এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকার বাড়ি হাতিয়ারা এলাকায়। এই একই জায়গায় বাড়ি দুই অভিযুক্তের‌ও। কাকতলীয় ভাবে দু’জনেরই নাম আবার ‘রোহিত দাস।’ একই অঞ্চলের বাসিন্দা হওয়ার সূত্রে নাবালিকার সঙ্গে তাদের অনেক দিনের পরিচয় ছিল।

অভিযোগ উঠেছে মোটরবাইক শেখানো ও তারপর ঘুরতে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে এক নাবালিকাকে গণধর্ষণ করেছে দুই অভিযুক্ত। পরিচিত হবার সূত্রে ওই দুই যুবকের ওপর বিশ্বাস করেছিল বছর ১৬’র ওই কিশোরী। নির্যাতিতা জানিয়েছে মোটরবাইক শেখানোর নাম করে প্রথমে রাম মন্দির এলাকায় নিয়ে যায় দুই যুবক। কিছুক্ষণ সেখানে মোটরবাইক শেখানোর পরে নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তারা। পরিচিত হওয়ায় কোনও আপত্তি করেনি ওই কিশোরী।

তার অভিযোগ, এরপর ঘুরতে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান পানীয়র মধ্যে মাদক মিশিয়ে তাকে খাওয়ানো হয়। ওই পানীয় খাওয়ার পর কিশোরী অচৈতন্য হয়ে গেলে দু’জনে মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ পরে তরুণীর চেতনা ফিরলে তাকে ভয় দেখিয়ে ফের রাম মন্দির এলাকায় নিয়ে এসে তাকে ছেড়ে চলে যায় দু’জনে।

এই শারীরিক নির্যাতনের পর কান্নাকাটি শুরু করে নাবালিকা। আর তাতেই আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তাদের মধ্যেই কেউ খবর দেয় ইকো পার্ক পুলিশ স্টেশনে। ঘটনাস্থলে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তারপরে পুলিশকে সব খুলে বলে নাবালিকা। লিখিত অভিযোগ দায়ের করে সে।

তৎপরতা দেখায় পুলিশ‌ও। অভিযোগ পেয়েই মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো ধারায় ধর্ষণ- সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে বলে খবর। পুলিশ সূত্রে খবর, জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে দুই যুবক। ধৃতদের কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

RELATED Articles