কলকাতার ব্যস্ত বাইপাসের ধারে এক হোটেলের নাইট ক্লাবে শনিবার গভীর রাতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। বিনোদনের মুহূর্ত কাটাতে গিয়ে এক যুবতী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনিতেই এই ধরনের ক্লাবগুলিতে রাতের পার্টি ঘিরে নানা অভিযোগ নতুন নয়, তবে এই ঘটনার সঙ্গে যুক্ত নামটি ফের রাজ্যের এক কুখ্যাত অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে এনেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর রাতে তিলজলার বাসিন্দা ওই যুবতী স্বামীর সঙ্গে বাইপাস সংলগ্ন এক হোটেলের নাইট ক্লাবে গিয়েছিলেন। সেখানেই নাসির খান নামে এক ব্যক্তি ও তাঁর সঙ্গী জুনায়েদ খানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি। ঘটনার পরপরই বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। বর্তমানে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) এবং ৭৪ ধারায় মামলা রুজু হয়েছে।
যদিও এই অভিযোগ আরও বড় আলোড়ন তুলেছে এক কারণে— অভিযুক্ত নাসির খানই সেই ব্যক্তি, যিনি ২০১২ সালের বহুচর্চিত পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন। সেই সময় সুজেট জর্ডন নামে এক যুবতীকে এক পানশালা থেকে ফেরার পথে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয়েছিল। নাসির-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং ২০১৫ সালে তাঁরা দোষী সাব্যস্ত হন। আট বছরের সাজা ভোগের পর কয়েক বছর আগে মুক্তি পান নাসির।
বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে। নির্যাতিতা মহিলা নাসিরকে আগে থেকে চিনতেন কি না, ঘটনার সময় ঠিক কী হয়েছিল— তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে নাসির ও জুনায়েদকে শীঘ্রই নোটিস পাঠানো হবে বলে সূত্রের খবর। তদন্তকারীরা ক্লাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ চলছে
আরও পড়ুনঃ Hospital Scandal : ৮ লাখের উপরে বিল, অথচ রোগীর অবস্থা ‘অজানা’! আনন্দপুর ফোর্টিস হাসপাতালে টাকা আদায়ের অভিযোগ, খবর করতে গিয়ে সাংবাদিকের গায়ে হাত!
২০১২ সালের সেই পার্ক স্ট্রিট কাণ্ড গোটা রাজ্যে তোলপাড় ফেলেছিল। ঘটনায় সুজেট জর্ডন সাহসিকতার সঙ্গে নিজেকে প্রকাশ্যে এনেছিলেন, বলেছিলেন— “আমি কোনও অপরাধ করিনি।” সমাজে নারীদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ আজও মনে রেখেছেন সকলে। এবার ফের সেই নাসিরের নাম উঠে আসায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে। বাইপাসের ক্লাব থেকে পার্ক স্ট্রিটের কুখ্যাত অতীত— দুই ঘটনার মধ্যে যেন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে।






