কলকাতার বুকে এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সল্টলেকে। ওই অটোচালককে আটক করেছে পুলিশ। জানা গেছে ওই অটোচালকের নাম প্রলয় মল্লিক।
রবিবার সন্ধে ৭টা নাগাদ সল্টলেকের বাসিন্দা এক তরুণী বিধাননগর স্টেশন থেকে নিজের বাড়ি ফেরার জন্য অটোয় ওঠেন। এরপর অটোচালক সল্টলেকে ঢোকার পর থেকেই ফাঁকা রাস্তা দিয়ে অটোটি নিয়ে যায়। সন্ধ্যের সময় এমনিই অন্ধকার, তার ওপর রাস্তাঘাট একটু হলেও ফাঁকা। এমনকি সুযোগ বুঝে চলন্ত অটোর ভিতর সেই তরুণীর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
যেন তেন ভাবে অটো থেকে নেমে বাড়ি পালাতে সক্ষম হন সেই তরুণী। এরপর বাড়ি ফিরে পরিবারকে সব কথা জানালে তাঁর বাড়ির লোক অটোর নম্বর দিয়ে বিধাননগর উত্তর থানায় ওই অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে অভিযুক্ত অটোচালক প্রলয় মল্লিককে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।






