দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে আজ, শনিবার বর্ষার আগমন ঘটেছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের স্বাভাবিক সময় ছিল ১১ই জুন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূমে বর্ষা ঢুকেছে। পূর্ব মেদিনীপুরের একাংশেও বর্ষা এসেছে। উত্তরবঙ্গে ঢোকার সময়ই মুর্শিদাবাদে বর্ষার আগমন হয়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও বর্ষার দাক্ষিণ্য পায়নি।
তবে হাওয়া অফিসের তরফে এও জানানো হয়েছে যে আগামী ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আপাতত বিক্ষিপ্ত হালকা বৃষ্টিই হবে। এই বছর নির্ধারিত সময়ের অনেকটা পরেই বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে। তবগে উত্তরবঙ্গে বর্ষা আগেই শুরু হয়ে গিয়েছে। গতকাল, শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা। সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিও নামে শহরে।
অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত ক’দিন ধরেই বৃষ্টিতে ভিজছে উত্তরের জেলাগুলি। যার জেরে একাধিক নদীর জলস্তর বাড়ছে। আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।





