আপাতত পরপর তিন দিন বন্ধ থাকবে নবান্ন। সম্পূর্ণ ভাবে জীবাণুমুক্ত করা হবে রাজ্যের প্রধান সচিবালয়কে। তাই আগামী সোম ও মঙ্গলবার স্যানিটাইজেশন করার জন্য বন্ধ থাকবে নবান্ন। আজ অর্থাৎ শনিবার তথ্য ও সংস্কৃতি আধিকারিক দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। আর যেহেতু ৫ই অগাস্ট রাজ্যে ফের সম্পূর্ণ লকডাউন। তাই বুধবারও বন্ধই থাকবে নবান্ন। অর্থাৎ সোমবার থেকে পরপর তিন দিন বন্ধ থাকছে রাজ্যের প্রধান সচিবালয়।
তথ্য ও সংস্কৃতি আধিকারিক খবর নিশ্চিত করে জানিয়েছেন, আগামী সপ্তাহে মাত্র ২ দিন সরকারি কর্মচারী ও আধিকারিকরা কাজে যোগ দেবেন। বাকি দিনগুলি তাঁরা বাড়িতে থেকেই কাজ করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য করোনা আবহে এই নিয়ে মোট ১৫ বার নবান্নকে স্যানিটাইজ করা হয়েছে। এর আগে ৩১ জুলাই নবান্নকে স্যানিটাইজেশন করা হয়েছিল। নবান্নে অন্তত ১৫ জনের কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে করোনা আতঙ্কে অতিরিক্ত মুখ্যসচিব তথা স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও কোয়ারেন্টাইনে ছিলেন।





