‘৬ মাসের মধ্যেই নতুন তৃণমূল’, অভিষেকের পোস্টারে ছয়লাপ শহর, পোস্টারে স্থান পেলেন না মমতা, পিসি-ভাইপোর জুটির অবসান?

তাঁকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলা হয় বটে। ইদানিংকালে নানান বিষয় নিয়ে তাঁকেই নানান সিদ্ধান্ত ঘোষণা বা কোনও মন্তব্য করতেও দেখা গিয়েছে। মাঝে একবার রবও উঠেছিল যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে তা উড়িয়ে দিয়েছিলেন দু’পক্ষই। তবে এবার যেন তাতেই ঘি পড়ল যখন শহরের নানান প্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পোস্টারে (poster) ছেয়ে গেল।

দক্ষিণ কলকাতার এদিক-ওদিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে তৃণমূলের নতুন পোস্টার। আর তাতে রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই পোস্টারের কোনওটাতে লেখা, “আগামী ৬ মাসের মধ্যে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন মানুষ চায়”। আবার কোনওটাতে লেখা, “চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪-এর লড়াই”। এই পোস্টার নিয়েই শুরু হয়েছে নানান বিতর্ক।

জানা গিয়েছে, ভবানীপুর থেকে শুরু করে হাজরা, কালীঘাট সর্বত্র অভিষেকের এহেন পোস্টারে ছেয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও দেখা গেল এমনই পোস্টার। কিন্তু এই সমস্ত পোস্টারেই ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গেল না পোস্টারে। তৃণমূলের কোনও পোস্টারে আগে মমতার ছবিই জ্বলজ্বল করত। কিন্তু নতুন এই পোস্টারে কেন নেই দলনেত্রী? নতুন তৃণমূলের মাথা কী তবে অভিষেকই, উঠছে প্রশ্ন!

একদিকে যখন নানান দুর্নীতির জেরে শাসক দল বেশ চাপের মুখে, যখন পার্থ-অনুব্রতর গ্রেফতারির জেরে তৃণমূল কোণঠাসা, সেই সময় দাঁড়িয়ে কয়েকদিন ধরেই নানান রণকৌশল নিতে দেখা গিয়েছে তৃণমূলকে। দলের তরফে বারবার বলা হয়েছে যে কোনও দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না। এর পাশাপাশি নানান কর্মসূচিও নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে এমন পোস্টার যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

গত ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আগামী ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলকে দেখবেন সাধারণ মানুষ। আর এই পোস্টার যেন সেই কথারই প্রতিফলন। তবে এই পোস্টার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ পড়া নিয়েও উঠেছে প্রশ্ন। পিসি-ভাইপোর সম্পর্ক কী তলানিতে, এমনও প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles