Newtown : স্কুল বাসে না গেলেও দিতে হবে টাকা! নিউ টাউনের বেসরকারি স্কুলের নতুন ‘পরিবহন খরচ’ ঘিরে বিতর্ক, সোশ্যাল মাধ্যমে ক্ষোভ অভিভাবকদের!

বর্তমান সময়ে প্রায় সব বাবা-মারই একটাই লক্ষ্য—সন্তানকে ভালো শিক্ষা দেওয়া। ছোটবেলা থেকেই ভালো স্কুলে পড়লে ভবিষ্যতে তার পড়াশোনা ও ব্যক্তিত্বের বিকাশ ভালো হবে, এমনটাই মনে করেন অধিকাংশ অভিভাবক। তাই নিজেদের সামর্থ্যের মধ্যেই অনেকেই সন্তানকে নামী বেসরকারি স্কুলে ভর্তি করান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্কুলগুলির নানা নিয়ম ও অতিরিক্ত খরচ অনেক পরিবারের কাছেই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শহরের নামী বেসরকারি স্কুলগুলিতে পড়াশোনার খরচ আগেই যথেষ্ট বেশি। বাৎসরিক ফি অনেক ক্ষেত্রেই লক্ষ টাকার কাছাকাছি বা তারও বেশি। এর সঙ্গে যোগ হয় পরিবহন খরচ। ফলে অনেক মধ্যবিত্ত পরিবার স্কুল বাস ব্যবহার না করে বিকল্প উপায় বেছে নেন। বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকজন মিলে গাড়ি ভাগ করে নেওয়া বা কার পুলের ব্যবস্থা করেন, যাতে খরচ কিছুটা কমানো যায়।

এই পরিস্থিতিতেই সম্প্রতি নিউ টাউনের একটি খ্যাতনামা বেসরকারি স্কুলের একটি নোটিশ ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সামনে এনেছেন কৌশিক গোস্বামী নামে এক ব্যক্তি, যিনি সোশ্যাল মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। তাঁর পোস্ট অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষ একটি নতুন নিয়ম চালু করেছে, যা অনেক অভিভাবকের মধ্যেই প্রশ্ন তুলেছে।

স্কুলের জারি করা নোটিশ অনুযায়ী, যেসব ছাত্রছাত্রী স্কুলে আসা-যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি বা কার পুল ব্যবহার করে, তাদের জন্য নতুন করে একটি অতিরিক্ত খরচ ধার্য করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে প্রতি মাসে ৩০০ টাকা করে “পরিবহন আনুষঙ্গিক খরচ” দিতে হবে। এই টাকা মূলত স্কুল প্রাঙ্গণে কার পুল বা বাস পুলে ছাত্রছাত্রীদের তুলে দেওয়ার জন্য অতিরিক্ত কর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনা করার খরচ হিসেবে নেওয়া হবে। এই অর্থ ত্রৈমাসিক ফি-এর সঙ্গেই যোগ হয়ে যাবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ ৪২-এ দিলেন পা, তাঁর গলায় যেন মা সরস্বতীর বাস! একটি গান গাইতে নেন ২৫ লাখ টাকা! জানেন, শ্রেয়া ঘোষাল মোট সম্পত্তির পরিমাণ?

নোটিশে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, যেসব অভিভাবক ব্যক্তিগত কার পুল পরিষেবা ব্যবহার করবেন, তা সম্পূর্ণ তাঁদের নিজস্ব দায়িত্বে করতে হবে। স্কুলের বাইরে ওই পরিষেবাদাতাদের কোনো অবহেলা বা ত্রুটির জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও জানানো হয়েছে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে অভিভাবকদের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, আগে থেকেই পড়াশোনার খরচ অনেক বেশি, তার মধ্যে নতুন এই খরচ যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর