West Bengal। : ‘ভোট পিছোচ্ছে না’! মার্চেই ঘোষণা বাংলার বিধানসভা নির্বাচন, ক’দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে?

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক সপ্তাহ ধরেই ঘুরছিল একাধিক জল্পনা। ভোটার তালিকা সংক্রান্ত বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তি না হওয়ায় অনেকেই মনে করছিলেন যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়তো পিছিয়ে যেতে পারে। বিশেষ করে প্রায় ৬০ লক্ষ আবেদন এখনও বিবেচনাধীন থাকায় প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা করা হবে না—এমন ধারণাই তৈরি হয়েছিল রাজনৈতিক মহলের একাংশে।

এই পরিস্থিতিতে আরও একটি বড় আলোচনা শুরু হয়। কেউ কেউ মনে করতে থাকেন, পশ্চিমবঙ্গে আগে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে, তার পরেই নির্বাচন ঘোষণা করা হবে। ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছিল। তবে রাজনৈতিক মহলের এই সমস্ত জল্পনা আপাতত অনেকটাই স্তিমিত হয়েছে নতুন তথ্য সামনে আসার পর।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। যদি শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হয়, তাহলে আগামী ১৬ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম এবং পণ্ডিচেরিতেও একই সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন এখন—বাংলায় ভোট হবে কত দফায়? অতীতে নির্বাচনকে কেন্দ্র করে হিংসা ও নিরাপত্তা সংক্রান্ত নানা অভিযোগের কারণে এক সময় পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল ৮ দফায়। তবে নির্বাচন কমিশনের বর্তমান মূল্যায়ন অনুযায়ী এবার দফার সংখ্যা কমতে পারে বলেই ইঙ্গিত মিলছে। প্রশাসনিক সূত্রের দাবি, পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাংলায় সম্ভবত দু’দফায় ভোটগ্রহণ হতে পারে। যদি ১৬ মার্চ ভোট ঘোষণা হয়, তাহলে প্রথম দফার ভোট হতে পারে এপ্রিলের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে।

আরও পড়ুনঃ Newtown : স্কুল বাসে না গেলেও দিতে হবে টাকা! নিউ টাউনের বেসরকারি স্কুলের নতুন ‘পরিবহন খরচ’ ঘিরে বিতর্ক, সোশ্যাল মাধ্যমে ক্ষোভ অভিভাবকদের!

অন্যদিকে ভোটার তালিকা নিয়ে জমা পড়া প্রায় ৬০ লক্ষ আবেদনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে শুনানিতে জানানো হয়েছে, এর মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে এবং প্রায় ৩ লক্ষ ৪ হাজার আবেদন খারিজ করা হয়েছে। বাকি আবেদনগুলির নিষ্পত্তি ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ বিষয়ে প্রশাসনিক বৈঠকও শুরু হয়েছে, আর সেই সিদ্ধান্তের উপরেই অনেকটাই নির্ভর করবে আগামী দিনের নির্বাচন প্রক্রিয়া।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর