নিপা ভাইরাস আতঙ্কে বারাসাত, বেসরকারি হাসপাতালে ভর্তি দুই নার্স, দুজনেই ভেন্টিলেশনে

বারাসাতে নিপা ভাইরাস আতঙ্ক ঘনাচ্ছে। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল সন্দেহে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই নার্সকে। তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুজনকেই বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং আলাদা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে। এই খবর সামনে আসতেই স্বাস্থ্য মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

আক্রান্ত দুই নার্সের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবং অপরজন নদিয়ার বাসিন্দা। দুজনেই বারাসাতের ওই বেসরকারি হাসপাতালেই কর্মরত ছিলেন। অসুস্থ হওয়ার পর তাঁদের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এইমসে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে তাঁদের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। যদিও চূড়ান্ত নিশ্চিতকরণের অপেক্ষা করা হচ্ছে।

জানা গিয়েছে, মহিলা নার্স দিন দশেক আগে কাটোয়ায় নিজের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩১ ডিসেম্বর তাঁকে কাটোয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে দিন দুয়েক চিকিৎসা চললেও অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

এরপর বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বর্ধমান থেকে বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত আইসোলেশন ওয়ার্ড তৈরি করে তাঁকে ভর্তি করে এবং ভেন্টিলেশনে রাখা হয়। একই সময়ে অপর পুরুষ নার্সও জ্বর শ্বাসকষ্টসহ একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari : “ফেঁসে গেছে কলকাতা পুলিশ, ED-র মামলা নিয়ে ব্যাগ গোছান!”– কটাক্ষ শুভেন্দু অধিকারীর!

এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। হাসপাতালের অন্যান্য কর্মী এবং রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। প্রশাসন জানিয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles