করোনার আবহে একের পর এক অমানবিক ঘটনার সাক্ষী থাকছি আমরা। এবার ফের এক অমানবিক ঘটনা ঘটল কলকাতার এন্টালির মতিঝিল লেনে। এক অজ্ঞাত পরিচয় মহিলা শুক্রবার রাত থেকে শনিবার অবধি রাস্তায় অসহায়ের মতো পড়ে রইলেন। করোনার আতঙ্কে সাহায্যের হাত বাড়ালেন না কেউ। এমনকি চোখে পড়ল প্রশাসনিক নিস্ক্রিয়তাও।
এলাকাবাসীরা জানিয়েছেন, ভোরের দিকে তাঁরা এই অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তখন তিনি প্রায় ধুঁকছিলেন । এরপর তাঁরা ওই মহিলার পরিচয় না পেয়ে একাধিকবার থানায় খবর দেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে কিন্তু তাঁরা এসে জানান এই বিষয়ে কিছু করা যাবে না। এরপর তাঁরা সেখান থেকে চলে যান। এমনকি ১০০ নম্বরেও ফোন করা হয় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
এরপর এলাকাবাসীরা তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিলেও পিছু হটেন। কারণ করোনা আবহে সবাই আতঙ্কিত। অবশেষে প্রায় ১০ ঘণ্টা পর এন্টালি থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় যেমন অমানবিক দৃশ্য ফুটে উঠেছে তেমনি প্রশাসনিক অব্যবস্থাও সামনে এসেছে।





